মজুরি বোর্ড গঠনের ওপরও থামছে না পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। ফাইল ছবি
শ্রমিক অসন্তোষ, কারখানায় হামলা-ভাঙচুর ও সড়ক অবরোধের কারণে দেশের তৈরি পোশাকশিল্প ক্রমেই বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুকিতে পড়ছে। বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বাড়ছে বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর আশঙ্কা।
এরই মধ্যে গত ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত তিন দিনে পোশাক খাতে উৎপাদন ও রপ্তানি মূল্য বাবদ প্রায় এক হাজার ৫৫৯ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।
উদ্বেগের বিষয়, এই অস্থিরতার প্রভাব এখন বিদেশি ক্রেতাদের সিদ্ধান্তেও পড়ছে। কোনো কোনো ক্রেতা আগামী দুই মাসের ক্রয়াদেশ কমানোর চিন্তা করছেন। বাংলাদেশের কিছু ক্রয়াদেশ ভারত, পাকিস্তানসহ প্রতিযোগী দেশগুলোতে স্থানান্তরের আলোচনাও চলছে। ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো যখন বাজার সম্প্রসারণে সচেষ্ট, তখন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা তাদের জন্য সুযোগ তৈরি করছে।
মনে রাখতে হবে, সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে ক্রয়াদেশ বাতিল, মূল্যছাড় এবং অতিরিক্ত পরিবহন ব্যয়ের চাপ তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একবার কোনো ক্রেতা অন্য দেশে চলে গেলে তাকে ফিরিয়ে আনা সহজ নয়। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয়।
তবে শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করার প্রশ্নটিও উপেক্ষা করা যাবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে তাদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নেওয়া জরুরি।
একই সঙ্গে মজুরি বোর্ড গঠনের পর আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ দেওয়া উচিত। দাবি আদায়ের নামে সহিংসতা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি শ্রমিকদের যৌক্তিক দাবি উপেক্ষা করে স্থায়ী শান্তিও প্রতিষ্ঠা সম্ভব নয়।
এই পরিস্থিতিতে সরকার, মালিক ও শ্রমিক—তিন পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
