Logo
×

Follow Us

ঢালিউড

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘চলচ্চিত্র উৎসব’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘চলচ্চিত্র উৎসব’

গাজী মাজহারুল আনোয়ার। ছবি: সংগৃহীত

প্রখ্যাত গীতিকার, পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ করে তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসবের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

এর আগে সেপ্টেম্বরে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত উন্মুক্ত চলচ্চিত্র উৎসবের সফলতার ধারাবাহিকতায় এই নতুন আয়োজন করা হচ্ছে।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানিয়েছেন, গাজী মাজহারুল আনোয়ারের জন্মমাস আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে এই উৎসব অনুষ্ঠিত হবে; কারণ তার জন্মদিনে পবিত্র রোজার মাস পড়ে যাবে।

মাসুমা রহমান তানি বলেন, ‘সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে খুব ছোট পরিসরে আয়োজন হলেও আমরা দারুণ সাড়া পেয়েছিলাম। আমাদের ইচ্ছা ছিল গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেলকে নিয়েও কিছু একটা করার। তিনি এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসতেন, সবকিছুকে মূল্যায়ন করতেন এবং এটাকে নিজের ঘর মনে করতেন। কিন্তু চলে যাওয়ার পর তাকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারিনি। তার কাছ থেকে আমরা কেবল নিয়েই গেছি, ঘরের পক্ষ থেকে তেমন কিছু দিতে পারিনি।’

আয়োজনটি সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমরা ওনাকে নিয়ে চলচ্চিত্র উৎসব করব, ওনার যে কালজয়ী গানগুলো আছে, সেগুলোও রিক্রিয়েট করব। মূলত কিংবদন্তি এই ব্যক্তিত্বের কাজগুলো বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য। এই চর্চাটা আমাদের ইন্ডাস্ট্রিতে সব সময় থাকা উচিত। চলচ্চিত্রের গুণী মানুষদের যদি আমরা উপযুক্ত সম্মান দিতে পারি, তাহলে এ সময়ের শিল্পীরাও নিজেদের কাজের প্রতি আরও উদ্বুদ্ধ হবেন।’

বিএফডিসির এই উদ্যোগের সঙ্গে গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ারও যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন মাসুমা রহমান তানি।

জনপ্রিয় অনেক চলচ্চিত্রের গান ও কালজয়ী দেশাত্মবোধক গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ষাটের দশক থেকে তৎকালীন রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। সুভাষ দত্তের ‘আয়না ও অবশিষ্ট’ সিনেমার ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ গান লেখার মাধ্যমে তিনি চলচ্চিত্রে যুক্ত হন এবং তার রচিত গানের সংখ্যা ২০ হাজারের বেশি।

গীতিকার পরিচয়ের পাশাপাশি তিনি একজন সফল কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান দেশ চিত্রকথা থেকে ‘শাস্তি’, ‘স্বাধীন’, ‘শর্ত’, ‘সমর’, ‘উল্কা’, ‘আম্মা’, ‘পরাধীন’, ‘আর্তনাদ’, ‘পাষাণের প্রেম’, ‘এই যে দুনিয়া’সহ অনেক সিনেমা প্রযোজনা ও পরিচালনা করেছেন। 

উল্লেখ্য, ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করা প্রখ্যাত এই চলচ্চিত্র ব্যক্তিত্ব ২০২২ সালের ৪ সেপ্টেম্বর মারা যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫