চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত
সাংবাদিকদের হয়রানি ও আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান। নোটিশে আগামী সাত দিনের মধ্যে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নোটিশে আগামী সাত দিনের মধ্যে চিত্রনায়িকা পরীমনিকে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা বা সংলাপ, হুমকি প্রদান, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি এবং শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন কোনো কর্মকাণ্ড করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গত ৫ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি।
এ দিন সকালে ১০ জন নিরাপত্তারক্ষী নিয়ে আদালতে আসেন এই অভিনেত্রী। আদালত প্রাঙ্গণে পৌঁছালে নিরাপত্তারক্ষীরা তাঁর গাড়ির আশপাশে থাকা আইনজীবী, সাংবাদিক ও বিচারপ্রার্থীদের সরিয়ে দিতে গিয়ে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে কয়েকজনকে মারধরও করা হয়, যাতে এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যায়।
ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কি ও মারধরের শিকার হন সাংবাদিকেরাও। তাদের মধ্যে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার পরীমণির নিরাপত্তারক্ষীদের মারধরে আহত হন। আশিকুজ্জামানের পিঠে গুরুতর আঘাত লাগে এবং কাউছারের কাঁধ ও হাতে আঘাত লাগে। এ সময় আশিকুজ্জামানের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে আহত দুই সাংবাদিককে আদালতসংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আগামী সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন জানান, পরীমণি গালিগালাজ করে তার হাতে খামচি দিয়েছেন, ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং তার নিরাপত্তারক্ষীরাও গায়ে হাত দিয়েছেন। সমকালের প্রতিবেদক রবিউল হোসেনও অভিযোগ করেন, পরীমণি তার মোবাইল ফোন কেড়ে নিয়েছেন।
ঘটনার পর ক্ষুব্ধ সাংবাদিকেরা আদালত পুলিশের কাছে অভিযোগ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন গণমাধ্যমকর্মীরা। ঘটনাস্থলে ঢাকা জেলার আদালত পরিদর্শক কামাল উদ্দীনসহ আদালত পুলিশের একাধিক সদস্য উপস্থিত থাকলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকেরা।
