Logo
×

Follow Us

অর্থনীতি

পঞ্চম দিনের মতো বাড়ল মার্কিন ডলারের দাম

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

পঞ্চম দিনের মতো বাড়ল মার্কিন ডলারের দাম

বিশ্ববাজারে আজ সোমবার (১৬ নভেম্বর) মার্কিন ডলারের দাম টানা পঞ্চম দিনের মতো বেড়েছে। আগামী বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে, এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের কাছে ডলারের চাহিদা বাড়ছে।

রয়টার্স জানিয়েছে, ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের শক্তিমত্তা পরিমাপকারী সূচক ডলার ইনডেক্স টানা পঞ্চম দিনের মতো বেড়েছে। আজ সোমবার ডলার ইনডেক্স দশমিক ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ।

এ বিষয়ে এমইউএফজি ব্যাংকের বিশ্লেষকেরা এক প্রতিবেদনে লিখেছেন, বিনিয়োগকারীরা ধারণা করছেন স্বল্প মেয়াদে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়বে। তবে কঠোর মুদ্রানীতির কারণে মধ্যমেয়াদে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাধাগ্রস্ত হতে পারে। যদিও সেই মন্থরতার প্রভাব এখনো দেখা যায়নি।

ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক কঠোর নীতির পক্ষে বক্তব্য এবং অক্টোবরে মূল্যস্ফীতির প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধির তথ্য ডলারের দাম বাড়াতে ভূমিকা রেখেছে। এসব কারণে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে বলে বাজারে প্রত্যাশা তৈরি হয়েছে।

এশিয়ার মুদ্রাবাজারে অন্যান্য প্রধান মুদ্রার বিনিময় হারে তেমন পরিবর্তন হয়নি। ইউরোর দাম দশমিক ১ শতাংশ কমে ১ দশমিক ১০১৬ ডলারে দাঁড়িয়েছে। ব্রিটিশ পাউন্ডের দর অপরিবর্তিত থেকে ১ দশমিক ৩২০৫ ডলারে রয়েছে। অস্ট্রেলীয় ডলারের মূল্য দশমিক ২ শতাংশ কমে শূন্য দশমিক ৬৭৬৩ ডলারে নেমেছে। আর নিউজিল্যান্ডের ডলারের দাম অপরিবর্তিত থেকে শূন্য দশমিক ৫৫২০ ডলারে রয়েছে।

এদিকে ডলারের বিপরীতে দুই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে জাপানি মুদ্রা ইয়েন। ইউরোর বিপরীতেও এর বিনিময় হারে সামান্য পরিবর্তন হয়েছে। জাপানের সর্বশেষ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপানের (বিওজে) মুদ্রানীতিতে কী প্রভাব ফেলতে পারে, তা পর্যালোচনা করছেন বিনিয়োগকারীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫