Logo
×

Follow Us

অর্থনীতি

বিশ্ববাজারে ফের বাড়ল সোনার দাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:১০ এএম

বিশ্ববাজারে ফের বাড়ল সোনার দাম

গত সপ্তাহে বেশ কমে যাওয়ার পর বিশ্ববাজারে সোনার দাম আবার বেড়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তাদের সুদের হার নিয়ে দেওয়া বক্তব্যের অপেক্ষায় থাকায় মূল্যবান ধাতুটির দর বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স।

সোমবার সকালে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দশমিক ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৯২ ডলার ৪২ সেন্টে দাঁড়ায়। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বর মাসে সরবরাহযোগ্য চুক্তিতে প্রতি আউন্সে এর দর ৩ হাজার ৮৯৫ ডলার ৬০ সেন্ট হয়েছে; যা আগের তুলনায় দশমিক ২ শতাংশ বেশি।

গত সপ্তাহে সবমিলিয়ে সোনার দর ৪ দশমিক ৫ শতাংশ কমেছিল। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে সুদের হার বেশি রাখার প্রত্যাশাও জোরালো হয়েছে। এসব কারণে ধাতুটির দামে চাপ তৈরি হয়।

অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে উৎপাদক পর্যায়ের মূল্য আরও বেড়েছে। গত চার বছরের মধ্যে বার্ষিক মূল্যবৃদ্ধির হার ছিল সর্বোচ্চ। এতে আগামী মাসে সুদের হার বাড়ানোর ব্যাপক প্রত্যাশার পাশাপাশি ফেড আরও কয়েক দফা সুদের হার বাড়াতে পারে বলেও ধারণা জোরালো হয়েছে।

কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ শ্মিড রবিবার বলেন, মূল্যস্ফীতি এখনো ‘অতিরিক্ত বেশি’ রয়েছে। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংককে আরও কাজ করতে হবে।

ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসন শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রবৃদ্ধির ধারায় রয়েছে এবং শ্রমবাজারও স্থিতিশীল হয়েছে। এ অবস্থায় মুদ্রানীতির বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি মূল্যস্ফীতির গতিপ্রকৃতিকে গুরুত্ব দিচ্ছেন। তাঁর এ বক্তব্যে সুদের হার আরও বাড়ানোর পক্ষে অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে।

বোস্টন ফেডের প্রেসিডেন্ট সুসান কলিন্সও শুক্রবার বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে হবে। তাঁর এ বক্তব্য থেকে আভাস পাওয়া যায় সুদের হার তার প্রত্যাশার চেয়েও বেশি বৃদ্ধির প্রয়োজন হতে পারে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ার সম্ভাবনা ৯৪ শতাংশ বলে ধারণা করা হচ্ছে। আর ৫০ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ধরা হচ্ছে ৬ শতাংশ।

সাধারণত সোনা মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তবে সুদের হার বাড়লে সোনার মতো কোনো সুদ বা মুনাফা না দেওয়া সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। এতে বিনিয়োগকারীদের কাছে পণ্যটির আকর্ষণ কমে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এখন দিনের পরবর্তী সময়ে ফেডপ্রধানের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন। এ ছাড়া ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) অক্টোবরের বৈঠকের কার্যবিবরণী বুধবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫