ডেমোক্র্যাটরা কি জীবনযাত্রার ব্যয় কমাতে পারবে?
রাবেয়া আশরাফী পিংকি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম
টেক্সাসে হোটেল, রেস্তোরাঁ ও স্পা ব্যবসা পরিচালনা করেন কিম হ্যাংকস। তার প্রতিষ্ঠান টিলিসে প্রায় ৩০০ কর্মী কাজ করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় কর্মীদের বেতন বাড়াতে হয়েছে তাকে।
কিম হ্যাংকসের মতো ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ এখন বেড়ে চলা জীবনযাত্রার ব্যয়ভারে ক্লান্ত। যার লাগাম টানার বড় দায়িত্ব এসে পড়েছে কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক বিজয়ী ডেমোক্র্যাটদের ওপরে। ৩ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টিকে হারিয়ে কংগ্রেসের উভয় কক্ষে প্রয়োজনের চেয়েও বেশি আসন পেয়েছে ডেমোক্র্যাটরা। এখন খাদ্য, জ্বালানি ও করের বোঝা হালকা করার গুরু দায়িত্ব সামলাতে হবে এই দলকে।
প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিস এমএস নাওয়ের ‘মর্নিং জো’ অনুষ্ঠানে বলেন, ‘আমরা জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে লড়েছি, সেই ইস্যুতেই জয় পেয়েছি। এখন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া আমাদের দায়িত্ব।’ তবে এখানেই কঠিন চ্যালেঞ্জ। কংগ্রেসে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ পেলেও তাদের পরিকল্পনা আটকে দেওয়ার ক্ষমতা এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে।
ভোটাররা কিভাবে প্রভাবিত হলেন?
নানা পূর্বাভাসের চেয়েও বড় পরিসরে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষমতাসীন দল থেকে জনগণ কেন এভাবে মুখ ফিরিয়ে নিল? দেশটির সামগ্রিক অর্থনীতির চিত্র কাগজে-কলমে ভালো দেখালেও আদতে মাত্র ২১ শতাংশ মার্কিন নাগরিক দেশের বর্তমান পরিস্থিতি ও গতিপথ নিয়ে সন্তুষ্ট।
মুদি দোকানের বিল, বিদ্যুৎ বিল ও জ্বালানি তেলের দাম যখন বেড়ে যায় তখন অর্থনীতির ভারী পরিসংখ্যান সাধারণ মানুষের মন ভরাতে পারে না। আর এখানেই রিপাবলিকানদের দুর্বলতা সৃষ্টি হয়েছে। এই নির্বাচন শুধু ডেমোক্র্যাটদের পক্ষে জনসমর্থনের ঢেউ ছিল না; বরং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে ভোটারদের অসন্তোষের প্রতিফলন ছিল। এখন প্রশ্ন হলো, এ ব্যয় কমাতে ডেমোক্র্যাটরা আসলে কী করতে পারবেন?
জীবনযাত্রার ব্যয় কমানোর পরিকল্পনা
‘সাশ্রয়ী আমেরিকার জন্য লড়াই’—এই স্লোগান সামনে রেখে ডেমোক্র্যাটরা বলছেন, স্বাস্থ্যসেবা তাদের প্রথম অগ্রাধিকার। তারা সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইন বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্যবীমার খরচ কমাতে দেওয়া অতিরিক্ত আর্থিক সহায়তা আবার চালু করতে চান। পাশাপাশি ২০২৫ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত আইনের মাধ্যমে মেডিকেইড কর্মসূচিতে যেসব বরাদ্দ কমানো হয়েছে, সেগুলোও পুনর্বহালের পরিকল্পনা রয়েছে তাদের।
এরপর রয়েছে আমদানি শুল্ক ও জ্বালানি খাত। প্রেসিডেন্টের আরোপ করা আমদানি শুল্ক বাতিল করতে চান। এসব শুল্কের কারণে মুদি পণ্য, সার ও নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাচ্ছে। নানা রকম শুল্কের কারণে একটি পরিবারের বছরে কয়েক হাজার ডলারপর্যন্ত অতিরিক্ত ব্যয় হচ্ছে।
ডেমোক্র্যাটরা ইরানের সঙ্গে যুদ্ধ চাইছে না। তাদের মতে, এ যুদ্ধের কারণে পেট্রোলের দাম বেড়ে গড়ে প্রতি গ্যালন ৪.১৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। আবাসন খাতের জন্য আগামী ১০ বছরে ৪০ লাখ নতুন বাড়ি নির্মাণের প্রস্তাব দিয়েছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে বিলিয়নেয়ারদের কাছ থেকে বেশি কর আদায় এবং সন্তান রয়েছে এমন পরিবারগুলোর জন্য করছাড় বাড়ানো।
সংশয়ে বিনিয়োগকারীরা
ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেও প্রেসিডেন্টের হাতে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। আর প্রেসিডেন্ট ভেটো দিলে কংগ্রেস কোনো আইনই পাস করতে পারবে না। আবার ট্রাম্পও আর আগের মতো নিজের ইচ্ছানুযায়ী কিছু করতে পারবেন না। ফলে আগামী দুই বছর আইন প্রণয়ন ও নিয়ন্ত্রক নীতির ক্ষেত্রে তুলনামূলক স্থবিরতা দেখা যেতে পারে।
এদিকে ট্রাম্প বলেছেন, মানুষ যতটা ধারণা করছে ডেমোক্র্যাটদের সঙ্গে তার চেয়েও বেশি কাজ করা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্যসেবা ও করছাড়ের ক্ষেত্রে উভয় পক্ষ সমঝোতার ভিত্তিতে কাজ করতে পারে। রিপাবলিকানদের করছাড়ের মেয়াদ বাড়াতে সম্মত হতে পারেন ডেমোক্র্যাটরা। বিনিময়ে স্বাস্থ্যবীমার জন্য আর্থিক ভর্তুকি আবার চালুর দাবি জানাতে পারেন তারা।
তবে ২০২৭ সালের শেষ ভাগের আগে এ ধরনের কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর অর্থনৈতিক সুফল পাওয়া যেতে পারে ২০২৮ সালে। তবে যারা এখনই জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন, তাদের জন্য অপেক্ষাটা দীর্ঘ।
ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে নেই যা
পেট্রোল, ডিজেল ও সারের দাম অনেকটাই নির্ভর করবে ইরানের যুদ্ধ পরিস্থিতির ওপর। এ যুদ্ধের পরিণতি কী হবে, তা নিয়ে পূর্বাভাস দাতাদের মধ্যে মতভেদ রয়েছে। অক্সফোর্ড ইকোনমিকস সতর্ক করেছে, নির্বাচন শেষ হওয়ায় যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। কারণ এখন পেট্রোলের দাম বাড়ার বিষয়টি প্রেসিডেন্টের জন্য আগের মতো রাজনৈতিক উদ্বেগের কারণ হবে না। এখানে ডেমোক্র্যাটদের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।
জ্বালানির দাম কমলে এর কৃতিত্ব দাবি করা তাদের জন্য কঠিন হবে। আর দাম বাড়লে দায়ের ভাগ তাদেরও নিতে হতে পারে। এ ছাড়া আগামী ১১ ডিসেম্বরের পর কেন্দ্রীয় সরকারের অর্থায়নের মেয়াদ শেষ হয়ে যাবে। ফলে আবারও সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার (শাটডাউন) আশঙ্কা জোরালো হচ্ছে।
নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতির পক্ষে জনসমর্থন পেয়েছে ডেমোক্র্যাটরা। এখন তাদের প্রমাণ করতে হবে, সত্যিই মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে তারা সক্ষম।
