Logo
×

Follow Us

অর্থনীতি

বিনিয়োগ উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

বিনিয়োগ উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ

বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে নেওয়া সংস্কার উদ্যোগের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে অসামান্য বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে ইনভেস্ট বাংলাদেশ।

বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকারের বিভিন্ন সংস্কার এবং ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এগিয়ে নিতে সংস্থাটির ভূমিকা এ স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেয়েছে।

মঙ্গলবার জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ইনভেস্ট বাংলাদেশের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ওয়াইপা বিশ্বের ১০০টির বেশি দেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থার আন্তর্জাতিক সংগঠন। সংস্থাটির স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী স্বল্পোন্নত দেশগুলোর বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম মূল্যায়ন করে বিশেষ স্বীকৃতি প্রদান করে।

ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ২০২৫ সালে নেওয়া সংস্কার কার্যক্রম এ স্বীকৃতির অন্যতম ভিত্তি। এসব সংস্কার প্রণয়নের আগে দেশি-বিদেশি প্রায় ২০০ বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করা হয়। এর ভিত্তিতে আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ এবং বিদেশি পেশাজীবীদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল ও সময়সীমাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।

পাশাপাশি বিদেশি ঋণ গ্রহণ এবং বিনিয়োগের মূলধন প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করার কাজও এগিয়ে নেওয়া হয়।

 বড় বিনিয়োগকারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে চালু করা হয় অ্যাম্বাসেডর কর্মসূচি। এর মাধ্যমে ইয়ংওয়ানসহ বড় বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা হয়। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল নির্ধারণে এফডিআই হিটম্যাপের মাধ্যমে ১৯টি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়েছে।

বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা সহজ করতে চালু করা হয়েছে সমন্বিত ডিজিটাল বিনিয়োগ সেবা প্ল্যাটফর্ম বাংলাবিজ।

এর মাধ্যমে ৪৭টি সরকারি সংস্থার ১৪২টির বেশি সেবা বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং বিনিয়োগসংক্রান্ত প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে এই উদ্যোগও আন্তর্জাতিক বিচারকমণ্ডলীর মূল্যায়নে গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া এপিএম টার্মিনালসের ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এগিয়ে নিতে ইনভেস্ট বাংলাদেশের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অত্যাধুনিক ও সম্পূর্ণ বিদ্যুৎচালিত টার্মিনালটি ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৪৪ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।

এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চে ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনা ঘোষণা করে ইনভেস্ট বাংলাদেশ। এতে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা সহজলভ্য করা এবং সম্ভাব্য বিনিয়োগ প্রকল্পগুলো বাস্তবায়নের পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। গত সেপ্টেম্বরে এ কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদনও প্রকাশ করে সংস্থাটি।

এদিকে চলতি বছর বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষকে একীভূত করে গঠন করা হয়েছে ইনভেস্ট বাংলাদেশ। এর ফলে বিনিয়োগ উন্নয়ন, বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যক্রম একটি প্রতিষ্ঠানের অধীনে এসেছে।

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগ উন্নয়নের কাজ শুধু কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বিনিয়োগকারীরা যেন সহজে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন, সেই পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য। সংস্কার উদ্যোগে সরকারের সমর্থন, অংশীজনদের সহযোগিতা এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল এ আন্তর্জাতিক স্বীকৃতি।

ইনভেস্ট বাংলাদেশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। বর্তমানে বিভিন্ন খাত ও দেশ থেকে সম্ভাব্য ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি। এসব প্রস্তাবকে বাস্তব বিনিয়োগ প্রকল্পে রূপ দেওয়া এখন অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থাটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫