Logo
×

Follow Us

অর্থনীতি

সোনার দামে বড় পতন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

সোনার দামে বড় পতন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে আসার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। রয়টার্স জানিয়েছে, গত কার্যদিবসে সোনার দাম ১ শতাংশের বেশি বাড়ার পর মঙ্গলবার (১০ নভেম্বর) বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় তা আবার কমে গেছে।

বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৮ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ১১৫ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের জন্য সোনার ফিউচার দর শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ ডলার ৯০ সেন্ট হয়েছে।

বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, “যুক্তরাষ্ট্রের বাজারে সোনার দাম আগের সেশনে যে উচ্চতায় উঠেছিল, সেখান থেকে কিছুটা কমেছে এবং বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার কারণেই মূলত এমনটা হয়েছে।” 

তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাত আর না বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অব্যাহত থাকলে এবং এর প্রভাবে তেলের দাম কমতে থাকলে তা সোনার বাজারের জন্য ইতিবাচক হতে পারে; কারণ তেলের দামের পরিবর্তন ডলার, মূল্যস্ফীতি ও সুদহারের প্রত্যাশায় সরাসরি প্রভাব ফেলে।”

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আপাতত ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রাখছেন তিনি। কাতারের প্রধানমন্ত্রীসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রভাবে মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দামও কমেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের রিচমন্ড শাখার প্রেসিডেন্ট টম বারকিন বলেছেন, মূল্যস্ফীতি মোকাবিলায় মুদ্রানীতি নির্ধারণের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোনো উচিত এবং ডিসেম্বরের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে তার নির্দিষ্ট কোনো পূর্বাভাস নেই।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে ফেড সুদহার বাড়াতে পারে বলে ধারণা করছেন ৮৪ শতাংশ বিনিয়োগকারী। সুদহার বাড়লে সোনার মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়, যার ফলে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কমে যেতে পারে।

বর্তমানে বিনিয়োগকারীদের মূল নজর যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনের দিকে। আজ মঙ্গলবারই এই প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে এবং এরপর আগামী শুক্রবার প্রকাশ করা হবে উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫