বিশ্ববাজারে আজ সোনার দাম আউন্সপ্রতি ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে আশঙ্কা কিছুটা হ্রাস পাওয়ায় মূল্যবান ধাতুটির দামে এই ঊর্ধ্বমুখী প্রভাব পড়েছে।
সোমবার সকালে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে দাঁড়ায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরে সরবরাহের জন্য ফিউচার চুক্তিতে সোনার মূল্য ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ ডলারে পৌঁছেছে। গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে সোনার দর পাঁচ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাত অবসানে আলোচনা চলার মধ্যে দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানানোর পর তেলের দাম কমে যায়। এর ফলে তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কাও কিছুটা কমেছে। তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ হ্রাস পেতে পারে এবং একই সঙ্গে দীর্ঘ সময় ধরে সুদের হার বেশি থাকার সম্ভাবনা কমে আসে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার চাহিদা ও দর বৃদ্ধি পায়।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “ইরানের বিষয়ে ট্রাম্পের তুলনামূলক সমঝোতামূলক অবস্থান তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করছে। এর ফলে মূল্যস্ফীতির যে চাপ সোনার দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল, তা কিছুটা কমেছে। পাশাপাশি ডলারের দামেও সামান্য পতন হয়েছে।”
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা দেখছেন বাজারের ৭৯ শতাংশ অংশগ্রহণকারী। এর আগে অক্টোবরে কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এ হার ছিল ৭১ শতাংশ। ফেডের মুদ্রানীতির অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে এখন যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। মঙ্গলবার এই তথ্য প্রকাশ করা হবে এবং শুক্রবার প্রকাশ করা হবে উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য।
টিম ওয়াটারার আরও বলেন, “মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে বেশি হলে ডলারের দাম বাড়তে পারে এবং ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনাও জোরালো হবে। এতে সোনার দাম দ্রুত আবারও চাপে পড়তে পারে।”
