Logo
×

Follow Us

অর্থনীতি

রমজানে নিত্যপণ্যের এলসি খোলার শর্ত শিথিল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

রমজানে নিত্যপণ্যের এলসি খোলার শর্ত শিথিল

রমজানে ১১ পণ্যের এলসি খোলা সহজ করলো বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। 

এখন থেকে নির্ধারিত পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।

রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ে। এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমদানি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানির ক্ষেত্রে এলসি খোলার নগদ মার্জিন ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা যাবে।

এ ছাড়া অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

অবিলম্বে কার্যকর হওয়া এ নির্দেশনা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫