Logo
×

Follow Us

অর্থনীতি

জীবনযাত্রার ব্যয়ভারে বেসামাল ইউরোপ

Icon

রাবেয়া আশরাফী পিংকি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম

জীবনযাত্রার ব্যয়ভারে বেসামাল ইউরোপ

ইউরোপ মানেই উন্নত অর্থনীতিতে নিশ্চিন্ত জীবন। এই ইউরোপের দেশগুলোই এখন জীবনযাত্রার মাত্রাতিরিক্ত ব্যয়ের ভারে পিষ্ট। এ অঞ্চলের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, আবাসনসংকট এবং সরকারি সেবার মান কমে যাওয়ার প্রতিবাদে ফ্রান্স, জার্মানি, পর্তুগালের মানুষ রাজপথে নেমেছে। 

চলছে সহিংসতা, লুটপাট, ভাঙচুর। গত সেপ্টেম্বরে শ্রেণিকক্ষেরক্ষ অতিরিক্ত শিক্ষার্থী এবং শিক্ষকসংকটের প্রতিবাদে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। পরে এর সঙ্গে যুক্ত হয় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি সেবায় সম্ভাব্য বরাদ্দ কমানোর পরিকল্পনা নিয়ে ব্যাপক অসন্তোষ। আলবেনিয়া, বেলজিয়াম, গ্রিস, ইতালি, পর্তুগাল ও স্পেনেও সাশ্রয়ী আবাসনের অভাব, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সরকারি সেবার অবনতির প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছেন। 

তরুণদের অনেকেই বলছেন, তারা আশা করতে পারছেন না যে তাদের জীবনযাত্রার মান মা-বাবার প্রজন্মের চেয়ে ভালো হবে। এই অসন্তোষের মুখে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো। তাদের মধ্যে রাজনৈতিক আদর্শগত পার্থক্য রয়েছে। 

সানচেজ বামপন্থি, মেলোনি ডানপন্থি এবং ম্যাঁক্রো ও মন্টেনেগ্রো মধ্যপন্থি হলেও তাদের রাজনৈতিক অবস্থান রক্ষণশীল ধারার দিকে ঝুঁকে রয়েছে। তবে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও চার নেতাকেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান জন-অসন্তোষের মুখে পড়তে হচ্ছে।

প্রশ্ন উঠছে, নিজ নিজ দেশের তরুণদের অভিজ্ঞতা ও মনোভাব থেকে তারা কি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন? আল-জাজিরা গত ২৬ বছরে ফ্রান্স, ইতালি, স্পেন ও পর্তুগালে পণ্যমূল্য, মজুরি, আবাসন ও শিক্ষার ব্যয়ের পরিবর্তন তুলে ধরেছে। এই সময়কাল বেছে নেওয়া হয়েছে, কারণ ২০০০ সালে ম্যাক্রোঁ, মেলোনি, সানচেজ ও মন্টেনেগ্রোর বয়স ছিল বিশের কোঠায়। বর্তমানে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা অনেক বিক্ষোভকারীর বয়সও এখন প্রায় একই রকম।

২০০০ সালের তুলনায় জীবনযাত্রার ব্যয় কতটা বেড়েছে?

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০০০ সালের তুলনায় ফ্রান্স, ইতালি, স্পেন ও পর্তুগালে খাদ্য, জ্বালানি, পরিবহন ও বিভিন্ন পরিষেবার মূল্য ৫৯ থেকে ৭৮ শতাংশ বেড়েছে। এই চার দেশের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে স্পেনে, ৭৮ শতাংশ। 

পর্তুগালে ৭১ শতাংশ, ইতালিতে ৬৮ শতাংশ এবং ফ্রান্সে ৫৯ শতাংশ। এর অর্থ, ২০০০ সালে যে পণ্য ও পরিষেবা কিনতে ১০০ ইউরো খরচ হতো, বর্তমানে তা কিনতে স্পেনে প্রায় ১৭৮ ইউরো, পর্তুগালে ১৭১ ইউরো, ইতালিতে ১৬৮ ইউরো ও ফ্রান্সে ১৫৯ ইউরো খরচ হচ্ছে। ২০০০ সালে ১০০ ইউরোর সমপরিমাণ অর্থের বর্তমান মূল্য ডলারে প্রায় ১১২ ডলার। সেই হিসাবে বর্তমানে একই পণ্য ও পরিষেবা কিনতে স্পেনে প্রায় ২০০ ডলার, পর্তুগালে ১৯২ ডলার, ইতালিতে ১৮৮ ডলার ও ফ্রান্সে ১৭৮ ডলার ব্যয় হচ্ছে। গত ২৬ বছরে গড়ে প্রতি বছর প্রায় ২ শতাংশ হারে দাম বেড়েছে। তবে ২০২২ সালে মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়ে যায়। ওই বছর ইতালিতে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৮.৭ শতাংশ, স্পেনে ৮.৩ শতাংশ, পর্তুগালে ৮.১ শতাংশ এবং ফ্রান্সে ৫.৯ শতাংশ। 

অন্তত ২০০০ সালের পর থেকে চারটি দেশেই এটি ছিল সর্বোচ্চ মূল্যস্ফীতি। জ্বালানির ব্যয় বৃদ্ধিই ছিল মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার প্রধান কারণ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যায়।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২২ সালের অক্টোবর নাগাদ যুদ্ধ শুরুর আট মাসের মধ্যে ইউরো অঞ্চলে জ্বালানির দাম আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪২ শতাংশ বেড়ে যায়। একই সময়ে খাদ্যপণ্যের দামও দ্রুত বাড়তে থাকে। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে চারটি দেশেই পণ্যমূল্য ১২ থেকে ১৫ শতাংশ বেড়েছে।

কিন্তু মজুরি সেই হারে বাড়েনি। মূল্যস্ফীতির হার কমে এলেও একবার বেড়ে যাওয়া পণ্যের দাম সাধারণত আগের অবস্থায় ফিরে যায় না। ফলে এখনো এসব দেশের অনেক পরিবারকে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হচ্ছে।

বেতন কতটা বেড়েছে?

মূল্যস্ফীতির প্রভাব সমন্বয় করে দেখা যায়, ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে ইতালিতে পূর্ণকালীন কর্মীদের গড় প্রকৃত মজুরি প্রায় ৫ শতাংশ কমেছে। একই সময়ে স্পেনে তা বেড়েছে যথাক্রমে ৭ শতাংশ, ফ্রান্সে ১১ শতাংশ ও পর্তুগালে ২০ শতাংশ। ওইসিডির মজুরিসংক্রান্ত তথ্যের সঙ্গে ইউরোস্ট্যাটের মূল্যসূচক সমন্বয় করে এই হিসাব করা হয়েছে। 

মাদ্রিদে কর্মরত সাংবাদিক হাইমে ভেলাসকেজ আল-জাজিরার ‘ইনসাইড স্টোরি’ অনুষ্ঠানে বলেন, স্পেনে নতুন কর্মসংস্থানের বেশিরভাগই তৈরি হয়েছে পর্যটন ও সেবা খাতে। এসব চাকরির অনেকটাই মৌসুমি এবং বেতনও তুলনামূলক কম। 

দি ইউরোপিয়ান করেসপন্ডেন্টের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জুলিয়াস ফিন্টেলমান বলেন, ‘বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় তরুণ কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে। কয়েক দশক ধরে উচ্চ আয়ের দেশগুলোতে বয়স্ক ও তরুণ কর্মীদের বেতনের ব্যবধান বাড়ছে। ফলে প্রতিটি প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে ভালো থাকবে—এমন প্রত্যাশা এখন আর পূরণ হচ্ছে না।’

আবাসন ব্যয়ের পরিবর্তন কেমন?

ওইসিডির বাড়ির দাম ও আয়ের অনুপাতসংক্রান্ত সূচক অনুযায়ী, ২০০০ সালের তুলনায় চারটি দেশেই আবাসন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই সূচকের মাধ্যমে সময়ের সঙ্গে বাড়ির দামের তুলনায় মানুষের আয়ের পরিবর্তন বোঝা যায়। আয় বৃদ্ধির চেয়ে বাড়ির দাম দ্রুত বাড়লে এ অনুপাত বেড়ে যায়। 

অর্থাৎ গড় হিসাবে বাড়ি কেনা মানুষের জন্য আরো কঠিন হয়ে পড়ে। চার দেশের মধ্যে স্পেনে বাড়ির দাম ও আয়ের অনুপাতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে। ২০০০ সালের তুলনায় দেশটিতে এই অনুপাত ৫৬ শতাংশ বেড়েছে। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর বাড়ির দামে বড় ধরনের পতন হলেও পরবর্তী সময়ে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

ফ্রান্সে ২০০০ সালের তুলনায় এই অনুপাত ৩৯ শতাংশ বেশি। তবে ২০২২ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর তা কিছুটা কমেছে। ইতালির পরিস্থিতি অন্য তিন দেশের তুলনায় ভিন্ন। সেখানে বাড়ির দাম মোটামুটি আয়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে। ফলে ২০০০ সালের তুলনায় বাড়ির দাম ও আয়ের অনুপাত বেড়েছে মাত্র ৫ শতাংশ। 

অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে। ২০০০ সালের পর টানা ১৫ বছর দেশটিতে বাড়ির দাম ও আয়ের অনুপাত কমেছে। অর্থাৎ এ সময়ে বাড়ি কেনা তুলনামূলক সাশ্রয়ী হয়েছিল। কিন্তু ২০১৫ সালের পর থেকে এই অনুপাত ৬৭ শতাংশ বেড়েছে। শিক্ষায় সরকারি ব্যয়ের পরিবর্তন কতটা?

ফ্রান্সে শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী এবং শিক্ষকসংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। অন্যদিকে বেলজিয়াম ও আলবেনিয়ায় শিক্ষার ব্যয় বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্রান্সের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫.১ শতাংশ শিক্ষা খাতে সরকারি ব্যয় হয়। ২০০০ সালে এ হার ছিল ৫.৬ শতাংশ। 

ইতালিতে শিক্ষা খাতে সরকারি ব্যয় ২০০০ সালের জিডিপির ৪ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ৪.৪ শতাংশ হয়েছে। স্পেনে ২০০০ সালে শিক্ষা খাতে সরকারি ব্যয় ছিল জিডিপির ৪.১ শতাংশ। ২০২৪ সালেও এই হার অপরিবর্তিত ছিল। 

অন্যদিকে পর্তুগালে শিক্ষা খাতে সরকারি ব্যয় ২০০০ সালে জিডিপির ৪.৮ শতাংশ থাকলেও ২০২৪ সালে তা কমে ৪.৩ শতাংশে দাঁড়িয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫