ব্যাংকের নীতি ব্যর্থতায় রেমিট্যান্সে ধাক্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি
ব্যাংকিং চ্যানেলে হুন্ডি প্রতিরোধ এবং ডলারের সঠিক মূল্য নিশ্চিতকরণে নীতিগত ব্যর্থতার কারণে দেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় ধাক্কা লেগেছে। গত সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৭৬৬ দশমিক ০২ মিলিয়ন ডলার, যা আগের মাস আগস্টের তুলনায় ২০১ দশমিক ৫১ মিলিয়ন ডলার বা ৬ দশমিক ৭৯ শতাংশ কম। কর্মী পাঠাতে নতুন বাজার খোঁজা এবং বৈধ পথে আয় আনার ক্ষেত্রে সুষ্ঠু নীতি ও প্রণোদনার ঘাটতিকে এই পতনের জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ প্রকাশিত “ওয়ার্কার্স রেমিট্যান্স ইনফ্লো ইন বাংলাদেশ সেপ্টেম্বর, ২০২৬ শীর্ষক মাসভিত্তিক প্রতিবেদন”-এ এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে মোট প্রবাসী আয় এসেছে ৮ হাজার ৫৯২ দশমিক ৩২ মিলিয়ন ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের (৭ হাজার ৫৮৫ দশমিক ৩২ মিলিয়ন ডলার) তুলনায় ১৩ দশমিক ২৮ শতাংশ বা ১ হাজার ৭ দশমিক০০ মিলিয়ন ডলার বেশি। তবে প্রথম প্রবৃদ্ধির ধারা স্বস্তিদায়ক হলেও আগস্ট মাসের ২ হাজার ৯৬৭ দশমিক ৫৩ মিলিয়ন ডলারের পর সেপ্টেম্বরের এই পতন নীতিনির্ধারকদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৯০৫ বিলিয়ন ডলার, এবং ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে এসেছে ৩৫ দশমিক ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স। জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) তথ্যমতে, ১৯৭৬ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার কর্মী বিদেশে গেছেন।
তবে বিশাল এই শ্রমবাজার গুটিকয়েক দেশের ওপর অতি-নির্ভরশীল। ২০২৬ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে (৫০৩ দশমিক ৬২ মিলিয়ন ডলার)। এ ছাড়া যুক্তরাজ্য থেকে ৩৬১ দশমিক ৮৩ মিলিয়ন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৭২ দশমিক ৩৩ মিলিয়ন, যুক্তরাষ্ট্র থেকে ২৩৪ দশমিক ৭৫ মিলিয়ন, মালয়েশিয়া থেকে ২৩৬ দশমিক ৬৯ মিলিয়ন এবং ইতালি থেকে এসেছে ১৮৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার।
রেমিট্যান্স প্রবাহে দেশের ভেতরে আঞ্চলিক বৈষম্যও বেশ প্রকট। সেপ্টেম্বর ২০২৬-এর তথ্যানুযায়ী, মোট রেমিট্যান্সের ৫১ দশমিক ৬২ শতাংশ (১ হাজার ৪২৭ দশমিক ৮০ মিলিয়ন ডলার) এসেছে ঢাকা বিভাগে। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রামে এসেছে ২৭ দশমিক ০৫ শতাংশ (৭৪৮ দশমিক ২৫ মিলিয়ন ডলার) এবং সিলেটে এসেছে ২৪৩ দশমিক ৮১ মিলিয়ন ডলার। অন্যদিকে খুলনা বিভাগে ১১৯ দশমিক ৮০ মিলিয়ন, রাজশাহীতে ৯৫ দশমিক ৭২ মিলিয়ন, বরিশালে ৫২ দশমিক ৮৭ মিলিয়ন এবং রংপুর বিভাগে মাত্র ২৬ দশমিক ৯৬ মিলিয়ন ডলার এসেছে।
জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা (৯৮৫ দশমিক ৬০ মিলিয়ন), চট্টগ্রাম (১৯৬ দশমিক ৪০ মিলিয়ন) ও কুমিল্লা (১৮১ দশমিক ১০ মিলিয়ন)। প্রান্তিক জনপদে কারিগরি প্রশিক্ষণের সুযোগ না থাকা এবং দক্ষ জনশক্তি তৈরিতে পিছিয়ে থাকায় উত্তর ও দক্ষিণাঞ্চল প্রবাসী আয়ের সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
একই সঙ্গে ব্যাংকিং খাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। সেপ্টেম্বরে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ হাজার ৯৭৩ দশমিক ৪৭ মিলিয়ন ডলার, যার মধ্যে একা ইসলামী ব্যাংক এনেছে ৪৩৯ দশমিক ১৭ মিলিয়ন এবং ব্র্যাক ব্যাংক এনেছে ১৬২ দশমিক ৮৬ মিলিয়ন ডলার।
বিপরীতে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীর মতো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো বিশাল শাখা নেটওয়ার্ক থাকা সত্ত্বেও সব মিলিয়ে আনতে পেরেছে মাত্র ২৬২ দশমিক ০৩ মিলিয়ন ডলার (যার মধ্যে কেবল অগ্রণী ব্যাংকই এনেছে ২৫৪ দশমিক ৭০ মিলিয়ন ডলার)। প্রবাসীদের আস্থা ধরে রাখতে বৈধ পথে কার্যকর প্রণোদনা, গতিশীল ব্যাংকিং সেবা এবং শ্রমবাজার সম্প্রসারণে বাস্তবমুখী নীতি গ্রহণের দাবি তুলেছেন বিশেষজ্ঞরা।
