Logo
×

Follow Us

আইন-আদালত

নেত্রকোণায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

নেত্রকোণায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর।

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার আলোচিত মামলায় প্রধান অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজকের দিনে রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ওই শিশুটিকে নিজ মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের ভয় দেখানো হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১১ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র‍্যাব-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

আইনি প্রক্রিয়া চলাকালীন গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেয়। পরবর্তীতে আদালতের নির্দেশে সিআইডির একটি দল ভুক্তভোগীর নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯ শতাংশ হুবহু মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ শতভাগ নিশ্চিত করে।

ডিএনএ রিপোর্টের অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে তদন্তকারী কর্মকর্তা মদন থানার এসআই মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫