Logo
×

Follow Us

আইন-আদালত

চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 

তিনি স্পষ্ট করেন, পাসপোর্ট আইন অনুযায়ী দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার বাংলাদেশ সরকারের নেই।

মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর বিধান অনুযায়ী একজন দণ্ডিত বা পলাতক ব্যক্তিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হলে তা বিচারের সঙ্গে রাষ্ট্রের প্রহসনের শামিল হবে। 

তিনি ব্যাখ্যা করেন, পাসপোর্ট আদেশের ৬ অনুচ্ছেদ অনুযায়ী আবেদনকারীর পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে দুই বছর বা তার বেশি মেয়াদের সাজা হলে তাকে পাসপোর্ট দেওয়া যায় না। এ ছাড়া ৭ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দের বিধান রয়েছে। শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ায় তার পাসপোর্ট ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।

সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের চলাচলের অধিকারের কথা বলা হলেও তা কোনো দণ্ডিত বা পলাতক আসামির ক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, “শেখ হাসিনা বিচারিক প্রক্রিয়া এড়িয়ে গেছেন এবং তাকে ফিরিয়ে আনতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া এড়িয়ে চললে পাসপোর্ট পাওয়ার সুযোগ থাকে না।”

শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বারের ভারতের দূতাবাসে পাসপোর্টের আবেদন করার খবরের বিষয়ে তিনি বলেন, “পাসপোর্টের আবেদন সংশ্লিষ্ট ব্যক্তিকেই করতে হয়; কিন্তু এখানে শেখ হাসিনা বা তার দল আবেদন করেনি। ভারতে অবস্থানরত একজনের পক্ষে লন্ডনের একটি আইনি চেম্বার কীভাবে আবেদন করছে এবং তাদের মধ্যে কোনো আইনি চুক্তি হয়েছে কি না, তা অস্পষ্ট ও প্রশ্নবিদ্ধ।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫