Logo
×

Follow Us

আইন-আদালত

শেখ হাসিনা কখনোই ফিরবেন না: চিফ প্রসিকিউটর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

শেখ হাসিনা কখনোই ফিরবেন না: চিফ প্রসিকিউটর

পলাতক শেখ হাসিনা এবং চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বাংলাদেশে ফিরতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার পদক্ষেপকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করে তিনি কখনোই দেশে ফিরবেন না বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘‘শেখ হাসিনা এখন যা করছেন, সবই স্ট্যান্টবাজি। তিনি কখনোই ফিরবেন না। তার দেওয়া সব বক্তব্যই ভিত্তিহীন। এই সবকিছুই পলিটিক্যাল স্ট্যান্টবাজি।’’

তিনি জানান, শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য আইনগত যে প্রক্রিয়া রয়েছে, সেভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আগামীকাল মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করা হবে।

এদিকে চব্বিশের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে আজ এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। রয়টার্স সে চিঠি দেখার সুযোগ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৪-পরবর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫