Logo
×

Follow Us

আইন-আদালত

ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র ফের ২ দিনের রিমান্ডে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র ফের ২ দিনের রিমান্ডে

এমপিপুত্র নুরুজ্জামান মিন্টু। ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর থানার আমলি আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম মিন্টুর সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। 

এর আগে শুক্রবার মিন্টুর প্রথম দফার তিন দিনের রিমান্ড শেষ হয়। ওই রিমান্ড চলাকালেই মামলাটি থানা-পুলিশের কাছ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়।

তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রিমান্ড শুনানিতে মিন্টুর আইনজীবী দ্বিতীয় দফায় রিমান্ডের বিরোধিতা করেছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ যুক্তি দেয়, আগের রিমান্ড হয়েছিল অন্য তদন্ত কর্মকর্তার অধীনে, তাই নতুন তদন্ত কর্মকর্তার জন্য আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, শুনানির সময় মিন্টুকে আদালতে হাজির করা হয়েছিল। রিমান্ড মঞ্জুরের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হবে।

এর আগে গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরে হামলার শিকার হন ছাত্রদল নেতা শাকিল ইসলাম। পরবর্তীতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তার মৃত্যু হয়। 

ওইদিন হাসপাতালে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজকে অবরুদ্ধ করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে বাবার কথায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মিন্টু।

শাকিল হত্যা মামলায় আনিসুর রহমান ও মো. আল-আমিন নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন এবং তাদেরও রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে ডিবি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫