তাহসিফ হত্যা: দীপকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
তিনি জানান, আসামিকে সঙ্গে নিয়ে তারা আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে বিকেল ৩টার দিকে আসামির রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার সকালে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। পরিবারের দাবি, বন্ধু দীপের ডাকে সাড়া দিয়েই তিনি বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সিসিটিভি ফুটেজেও দুজনকে একসঙ্গে দেখা যায়। সেখানে তারা হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে চড়ে এলাকা ছাড়েন।
পরবর্তীতে তাহসিফের পরিবারের কাছে দীপ দাবি করেছিলেন, তাহসিফের বাইকে সমস্যা থাকায় তারা ওয়ার্কশপে গিয়েছিলেন এবং কাজ শেষে একসঙ্গে খাবার খেয়ে যে যার মতো চলে যান।
নিখোঁজের পরদিন ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় টঙ্গীর রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদে একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ি। মরদেহের পরনে থাকা হাতঘড়ি ও পকেটের আইফোন দেখে তাহসিফের পরিচয় নিশ্চিত করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাতে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার পিবিআই দীপকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে নম্বরপ্লেট ছাড়া একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করে।
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তারা তুরাগ নদসংলগ্ন এলাকায় গেলে কয়েকজন তাদের ধাওয়া দেয় এবং তখন তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের দেওয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এবং তার বক্তব্যে নানা অসংগতি ধরা পড়ে। পরে পিবিআই উদ্ধার করা আলামতসহ সমস্ত তথ্য-উপাত্ত এবং দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
