ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম
রুশ শিল্পী আলেক্সি সেরগিয়েঙ্কোর আঁকা ‘শেনজেন ২৬’ শিরোনামের নতুন পপ আর্ট চিত্রকর্মটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফুটিয়ে তোলা হয়েছে। ছবি: রয়টার্স
প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে আজ বৃহস্পতিবার বিকালে তাদের মধ্যে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
বহুল প্রতীক্ষিত এ বৈঠকে বিশ্বের গুরুত্বপূর্ণ সংঘাতগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে নিজের উদ্যোগকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিতে পারেন। তবে এ আলোচনাকে বৈঠকের মূল বিষয় হিসেবে গুরুত্ব দিতে নারাজ বেইজিং।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রভান্ডারের পরিমাণ অনেক কম। ফলে চীন বারবারই এ বিষয়ে আলোচনায় যোগ দিতে আপত্তি জানিয়ে আসছে। এ মতপার্থক্য শির আয়োজনে অনুষ্ঠিতব্য বৈঠককে জটিল করে তুলতে পারে। কারণ, বৈঠকের আলোচ্যসূচি নির্ধারণে ট্রাম্পের দাবিরও প্রভাব রয়েছে।
বেইজিং দীর্ঘদিন ধরে বলে আসছে, নিজেদের তুলনামূলক ছোট পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার কমাতে হবে।
ইউক্রেনে রাশিয়ার দীর্ঘদিনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছেন ট্রাম্প। একই সময়ে পূর্ব এশিয়ায় নিজেদের প্রভাব আরও বাড়ানোর চেষ্টা করছে চীন। ২০২৫ সালে আলাস্কায় সর্বশেষ বৈঠক হয়েছিল ট্রাম্প ও পুতিনের। সেই বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। এমন পরিস্থিতিতে তিন নেতার এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সম্মেলনকে ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে, প্রভাবশালী তিন নেতা হয়তো বিশ্বকে নিজেদের প্রভাববলয়ে ভাগ করে নেওয়ার বিষয়ে আলোচনা করতে পারেন। উদাহরণ হিসেবে, ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে দেশটির সরকার বা ইউরোপের সঙ্গে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি উঠে আসতে পারে।
তবে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে তিন পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। প্রথমে ওয়াশিংটনের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছিল আলোচ্যসূচিতে ইউক্রেন যুদ্ধ থাকবে না। তবে পরে ট্রাম্প বলেছেন, এ যুদ্ধ নিয়ে আলোচনা হবে।
ইউক্রেন যুদ্ধ আলোচনায় আসাটা কিছুটা বিস্ময়কর হবে। কারণ, শি এ সংঘাতকে চীনের সমস্যা বলে মনে করেন না। এ ছাড়া বেইজিং কখনোই রাশিয়ার এ যুদ্ধের নিন্দা জানায়নি।
ক্রেমলিন জানিয়েছে, বৈঠকের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে বৈঠকে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ এড়িয়ে যাওয়া কঠিন হবে। বৈঠকটি এক ঘণ্টার বেশি স্থায়ী হবে না বলে জানিয়েছে রাশিয়া।
বুধবার এপেক সম্মেলনে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, “ত্রিপক্ষীয় এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হবে বলে তিনি আশা করছেন।”
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলোর অধিকাংশই পুতিনকে এড়িয়ে চলেছে। তবে রুশ প্রেসিডেন্ট বলেছেন, তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, “সামরিক ও রাজনৈতিক ঝুঁকি যখন বাড়ছে, তখন চরম প্রয়োজন হলো আলটিমেটামের পরিবর্তে সংলাপ।”
বুধবার এপেক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শি সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে কিছু বলেননি। চীন শুধু জানিয়েছে, তিন নেতা ‘বিশ্বশান্তি রক্ষা এবং প্রধান শক্তিগুলোর সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে গভীর মতবিনিময় করবেন’।
এ ছাড়া আলোচনায় ইরান যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ও থাকতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন। গত ফেব্রুয়ারিতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে থাকা একটি দ্বিপক্ষীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
ত্রিপক্ষীয় সম্মেলনকে চীন কতটা গুরুত্ব দিচ্ছে, তার ইঙ্গিত পাওয়া গেছে গতকাল বুধবার ট্রাম্পকে শি জিনপিংয়ের বিশেষ অভ্যর্থনা জানানোর মধ্য দিয়ে।
কয়েক দশকের কূটনৈতিক প্রথা ভেঙে শি নিজেই বিমানবন্দরে গিয়ে ট্রাম্পকে স্বাগত জানান। এ সময় দুই নেতা সংক্ষিপ্ত আলিঙ্গন করেন। পরে লালগালিচা সংবর্ধনা, উচ্ছ্বসিত শিশুদের অভ্যর্থনা এবং বিমানবাহিনীর উড়োজাহাজের প্রদর্শনীর মাধ্যমে ট্রাম্পকে স্বাগত জানানো হয়।
১৯৬০-এর দশকের পর এ প্রথম চীনের সর্বোচ্চ নেতা নিজে বিমানবন্দরে গিয়ে কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে অভ্যর্থনা জানালেন। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে শি জিনপিংকে ট্রাম্প যে অভ্যর্থনা জানিয়েছিলেন, এর মধ্য দিয়ে তারও প্রতিদান দেওয়া হলো।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে ট্রাম্পের উদ্দেশ্যে শি বলেন, “চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা এবং বৈশ্বিক পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে গভীর মতবিনিময়ের অপেক্ষায় আছি। এর লক্ষ্য আমাদের দুই দেশের মধ্যে গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেওয়া।”
এপেক সম্মেলনে অংশ নেওয়া অন্য বিশ্বনেতাদের মধ্যে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
