আইজেনকোট
নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনে হস্তক্ষেপ করেছেন এমন অভিযোগ উঠার পর তিনি আর এক মিনিটের জন্যও ক্ষমতায় থাকতে পারেন না বলে জানিয়ে দিয়েছেন দেশটির সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। নেতানিয়াহুর দপ্তর নির্বাচনে হস্তক্ষেপ করেছে বলে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।
ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোট রবিবার (১৫ নভেম্বর) তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এর কয়েক ঘণ্টা আগেই দুই নেতার প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বৈঠক করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইজেনকোট লেখেন, “বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য একটি বাস্তব, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি।”
রবিবার এর আগে ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে অভিযোগ করে, গত ২৭ অক্টোবর দেশটির নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট (রাম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর দপ্তরের সাবেক এক কর্মীকে গোয়েন্দা তথ্যের উৎস হিসেবে উল্লেখ করে পুলিশ কর্মকর্তাদের তার কাছে পাঠিয়েছিলেন নর্ডেন।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রাম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট দেওয়ার জন্য ঘুষ দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এরপর নির্বাচনের দিনজুড়ে আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান নেতানিয়াহু। দলগুলো রেকর্ডসংখ্যক ১৯টি আসনে জয়ী হওয়ার পর তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।
পরে কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের কোনো ভিত্তি নেই বলে পুলিশ নিশ্চিত হওয়ার পর ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে আবেদন করেছিলেন। নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে এ আবেদন করা হলেও পরে তা নাকচ করা হয়।
সাবেক সেনাপ্রধান আইজেনকোট বলেন, “আমি এই ঘটনার অবিলম্বে তদন্তের আহ্বান জানাচ্ছি। প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।”
এদিকে নেতানিয়াহুর দল লিকুদ আইজেনকটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘আপত্তিকর উসকানি’ বলে আখ্যায়িত করেছে।
এর আগে শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনের সময় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচার চালিয়েছেন নেতানিয়াহু।
শনিবার নেতানিয়াহু আবারও আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তবে বিরোধীদলীয় নেতা এই আহ্বানকে ‘ব্লাফ’ বা লোকদেখানো প্রস্তাব বলে অভিহিত করেন।
তবে যৌথ সরকার গঠনের প্রস্তাব নিয়ে আইজেনকটের ইয়াশার পার্টি ও লিকুদ পার্টির মধ্যে আলোচনা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত নেতানিয়াহু কিংবা আইজেনকটের কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি।
