Logo
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে বিস্ফোরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 

শনিবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে বর্তমানে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেহরান। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানের অনুমতি নেওয়ার দাবি জানিয়ে আসছে তেহরান। এই নির্দেশ অমান্য করা জাহাজগুলোর ওপর হামলাও চালিয়েছে দেশটি।

শনিবার ভোরে বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে দুটি তেলবাহী জাহাজ তাদের রাডার ও অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে অনুমতি ছাড়া নির্ধারিত পথের বাইরে দিয়ে গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

 বিবৃতিতে একটি জাহাজকে সুপারট্যাংকার বা বিপুল পরিমাণ তেল পরিবহনে সক্ষম বিশাল জাহাজ বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে শুক্রবার বিপ্লবী গার্ড বাহিনী একটি জাহাজ থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ওঠার ভিডিও প্রকাশ করে। তাদের দাবি, জাহাজটি তরলীকৃত গ্যাস বহন করছিল এবং প্রণালির দক্ষিণ অংশে একটি মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে তারা মাইন অপসারণ করেছে।

সূত্র: এএফপি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫