Logo
×

Follow Us

আন্তর্জাতিক

রিয়াদে হুথিদের ড্রোন হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

রিয়াদে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন মাঝ-আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। 

শনিবার হুথিদের চালানো এই ড্রোন হামলা প্রতিহত করা হয় বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

সৌদি জোট বলেছে, রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া ইয়েমেনের হুথিদের দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোনো হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানানো সৌদি নেতৃত্বাধীন জোট এবং রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথিদের মধ্যকার সীমান্ত পেরিয়ে এই লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের মাঝে এই সংঘাত ওই অঞ্চলে নতুন আরেকটি ফ্রন্টের উন্মোচন করেছে। গত সেপ্টেম্বর থেকে নতুন করে এই সংঘাত শুরু হয়েছে সৌদি আরব এবং বিদ্রোহীদের মধ্যে। এ সংঘাতের ধারাবাহিকতায় সেপ্টেম্বর এবং অক্টোবরে একাধিকবার মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। তবে প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা আটকে দিয়েছে সৌদি জোট।

মুসলিমদের দুই পবিত্র শহর মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অবশ্য হুথিরা বারবারই প্রত্যাখ্যান করে আসছে। গোষ্ঠীটির দাবি, তাদের সামরিক অভিযানগুলো সৌদি আরবের অন্যান্য স্থানে থাকা সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পরিচালিত।

এদিকে, মক্কায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতনের ঘটনার নিন্দা জানিয়ে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এই বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং এটি হুথি বিদ্রোহীদের বিপজ্জনক ও শত্রুভাবাপন্ন মনোভাবেরই বহিঃপ্রকাশ।’

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর প্রতিক্রিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে পরের বছর সৌদি আরব ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাত অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে চলতি বছরের শুরুর দিকে পুনরায় শত্রুতা শুরু হয়; হুথিরা সৌদি আরবের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং এর জবাবে রিয়াদ ইয়েমেনে বিমান হামলা শুরু করে।

সংঘাতের এই নতুন তীব্রতা কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী এই প্রণালি আন্তর্জাতিক নৌচলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫