Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ঘরের রাজনীতিতে ধাক্কা, বিশ্বমঞ্চে আরো বেপরোয়া ট্রাম্প?

Icon

ফারুক নেগারী

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

ঘরের রাজনীতিতে ধাক্কা, বিশ্বমঞ্চে আরো বেপরোয়া ট্রাম্প?

চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ঐতিহাসিক জয় ওয়াশিংটনের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য ও পররাষ্ট্রনীতির গতিপথে এক বড় বাঁক এনে দিয়েছে। রিপাবলিকানদের হাত থেকে ক্যাপিটল হিলের উভয় কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। 

মূল্যস্ফীতি, জ্বালানির চড়া দাম, শুল্কনীতি এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে আকস্মিক ও ব্যাপক যুদ্ধের বিরুদ্ধে মার্কিন জনগণের এক গণরায় হিসেবে দেখা হচ্ছে এটিকে। এই নির্বাচনী বিপর্যয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্তৃত্বকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করলেও আন্তর্জাতিক অঙ্গনে তার ক্ষমতার দাপট শেষ হয়ে যায়নি। 

দেশের অভ্যন্তরীণ আইন প্রণয়ন, আয়কর নীতি কিংবা বাজেট বরাদ্দের ক্ষেত্রে ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠতার বাধার মুখে কোণঠাসা হতে পারে হোয়াইট হাউস। তবে পররাষ্ট্রনীতি পরিচালনা, সামরিক অভিযান ও আন্তর্জাতিক কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের হাতে এখনো বিশাল একক ক্ষমতা রয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ঘরের রাজনীতিতে যখনই কোনো প্রেসিডেন্ট ‘লেম ডাক’ পরিস্থিতির মুখোমুখি হন, তখনই নিজেদের রাজনৈতিক সাফল্য প্রতিষ্ঠা এবং অভ্যন্তরীণ সংকট থেকে জনদৃষ্টি অন্যদিকে ঘোরানোর তাগিদে আন্তর্জাতিক অঙ্গনে তারা আরো আগ্রাসি, একতরফা ও অনিশ্চিত পদক্ষেপ গ্রহণ করার প্রবণতা দেখান।

ক্যাপিটল হিলে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হওয়ায় ২০২৭ সালের শুরু থেকেই মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ কাজের পরিবেশ বদলে যাচ্ছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটের বি-িভন্ন শক্তিশালী কমিটির সভাপতিত্ব গ্রহণ করবেন ডেমোক্র্যাটরা। এর ফলে সরকারি তহবিলের অর্থ মঞ্জুর এবং হোয়াইট হাউস কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি করে তদন্ত পরিচালনা করার একক ক্ষমতা এখন ডেমোক্র্যাটদের হাতে চলে এসেছে। ডেমোক্রেটিক নেতৃত্বের মূল কৌশল হলো ট্রাম্প প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্ত, ডিফেন্স কন্ট্রাক্টরের দুর্নীতি এবং ট্রাম্প পরিবারের ব্যবসা নিয়ে তদারকি চালানো।

তবে হোয়াইট হাউসের একতরফা আন্তর্জাতিক সিদ্ধান্ত আইনিভাবে থামানো কংগ্রেসের জন্য অত্যন্ত জটিল। প্রেসিডেন্টের হাতে থাকা প্রধান সাংবিধানিক অস্ত্র হলো ‘ভেটো’ দেওয়া, যা বাতিল করতে হলে কংগ্রেসের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন পড়ে। নির্বাচনে জয় পেলেও ডেমোক্র্যাটদের সেই ভেটো-প্রুফ অনুপাত নেই। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লরা ব্লুমেনফেল্ডের বিশ্লেষণ অনুযায়ী, ঘরের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়লে ট্রাম্প তার রাষ্ট্রপতিত্বের একক ক্ষমতা ব্যবহার করে বিশ্বমঞ্চে হঠাৎ একতরফা সামরিক শক্তি প্রদর্শনের পথ বেছে নিতে পারেন। 

মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রস হ্যারিসন বলেন, ট্রাম্প যেকোনো মূল্যে বিশ্ব ইতিহাস ও ভূ-রাজনীতিতে নিজের স্থায়ী ছাপ রেখে যেতে চান, যা তাকে আরো আক্রমণাত্মক করে তুলতে পারে।

মার্কিন ক্ষমতার কেন্দ্রে বর্তমানে যে প্রাতিষ্ঠানিক দ্বিমুখী লড়াই তৈরি হয়েছে, তা প্রধান পররাষ্ট্রনীতিগুলোতে সুস্পষ্ট রূপ নিচ্ছে। ফেব্রুয়ারি মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান মার্কিন জনগণের অসন্তোষের অন্যতম মূল কারণ ছিল।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ট্রাম্পের দলের জ্যেষ্ঠ নেতারা প্রকাশ্যে স্বীকার করেছেন, এই যুদ্ধের কারণে পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়ায় রিপাবলিকানদের পরাজয় ঘটেছে। কিন্তু ট্রাম্প আন্তর্জাতিক মঞ্চে কোনো অনুশোচনা না দেখিয়ে পরমাণু হুমকি ঠেকানোর অজুহাতে সংঘাত বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। কংগ্রেস এখন তহবিল আটকে দিয়ে যুদ্ধ থামানোর চেষ্টা করতে পারে। তবে একক সামরিক ক্ষমতা বলে আবার বিমান বা নৌ হামলা চালাতে পারেন ট্রাম্প।

ইউক্রেন ও ইউরোপ সংকটের ক্ষেত্রেও প্রেসিডেন্ট ও কংগ্রেসের নীতির বৈপরীত্য প্রকট হয়ে উঠছে। ট্রাম্প ইউক্রেনকে দেওয়া সরাসরি সামরিক সাহায্য অনেকাংশে স্থগিত করেছেন। এ ছাড়া রাশিয়ার জ্বালানি খাতের ওপর থেকে এককভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছেন তিনি। ডেমোক্রেটিক নেতৃত্বাধীন কংগ্রেস এখন দ্বিপক্ষীয় ঐকমত্য গড়ে তুলে কিয়েভকে নতুন অস্ত্র সহায়তা দেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু সেখানে ট্রাম্পের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। 

ইসরায়েল নীতি ঘিরে মার্কিন রাজনীতিতে দীর্ঘদিন ডেমোক্রেটিক-রিপাবলিক্যান উভয় শিবিরের সমর্থন ছিল। কিন্তু সে জায়গায় ফাটল ধরেছে। গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং রিপাবলিকানদের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ডেমোক্রেটিক দলের ভেতরে বিশেষ করে তরুণ ও প্রগতিশীলদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। সিনেটর হিসেবে আব্দুল আল-সায়েদের মতো স্পষ্টভাষী প্রগতিশীলদের জয় ইসরায়েলকে দেওয়া সামরিক অনুদানে কঠোর শর্ত আরোপ বা কাটছাঁট করার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

মার্কিন অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন ও পররাষ্ট্রনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে বিশ্বমঞ্চে অন্যান্য শক্তির জন্য কূটনৈতিক ও রাজনৈতিক সুযোগের দরজা খুলে গেছে। ওয়াশিংটনের প্রতি মিত্রদের বিশ্বাসযোগ্যতা কমে যাওয়ায় চীন, রাশিয়া ও ইরান নিজেদের অবস্থান পোক্ত করছে। 

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আরব বারোমিটারের সাম্প্রতিক জরিপ থেকে জানা যায়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাধারণ মানুষের কাছে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা ও নৈতিক অবস্থান সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। ওই অঞ্চলের অর্ধেকেরও বেশি মানুষ মনে করে, আন্তর্জাতিক আইন রক্ষা, স্বাধীনতা সুরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়ে চীন বা রাশিয়া অনেক বেশি নির্ভরযোগ্য ভূমিকা রাখছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল কেবল তাদের নিজেদের দেশেই প্রভাব ফেলছে না; বরং পুরো বিশ্বে মার্কিন নেতৃত্বের যে একক প্রভাব ও নৈতিক গ্রহণযোগ্যতা ছিল, তা নতুন করে নির্ধারিত হচ্ছে। কয়েক দশক ধরে বিশ্বমঞ্চে মার্কিন শক্তির মূল স্তম্ভ কেবল সামরিক পরাক্রম নয়; বরং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, আইনের শাসন ও মিত্রদের সঙ্গে চুক্তি রক্ষার নিশ্চয়তা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ক্ষমতার অপব্যবহার, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, একতরফা শুল্ক যুদ্ধ এবং হঠাৎ সামরিক অভিযান চালানোর ফলে যুক্তরাষ্ট্রের সেই আন্তর্জাতিক আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫