জঁ-লুক মেলাঁশোঁ।
প্যারিসের রাস্তায় ছাত্রদের মিছিলে তার নামে স্লোগান ওঠে। অনেক তরুণের চোখে তিনি নায়ক। ডানপন্থি প্রতিপক্ষরা তাকে ‘উগ্রপন্থি’ বলেন। আর একসময় যারা পাশে ছিলেন, তাদের কেউ কেউ এখন তাকে ‘স্বৈরাচারী’ বলেন। একই মানুষকে নিয়ে এত বিপরীত ছবি ফরাসি রাজনীতিতে খুব কমই দেখা যায়। মানুষটি জঁ-লুক মেলাঁশোঁ। ফ্রান্সের বামপন্থি দল লা ফ্রঁস ইনসুমিজ (এলএফআই), বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘অদম্য ফ্রান্স’, তার প্রধান তিনি।
২০২৭ সালের এপ্রিলে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন। দুই মেয়াদ শেষ হওয়ায় ইমানুয়েল ম্যাঁখো আর প্রার্থী হতে পারবেন না। তাই এই খোলা মাঠে বামপন্থিদের মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে এখন মেলাঁশোঁ। অনেকের ধারণা, শেষ পর্যন্ত কট্টর ডানপন্থি ন্যাশনাল র্যালির নেত্রী মারিন লো পেনের সামনে তিনিই দাঁড়াবেন।
ল্য বুর্জের মঞ্চে বড় স্বপ্ন
প্যারিসের উত্তরে ল্য বুর্জের এক সমাবেশে মেলাঁশোঁ তার নির্বাচনী কর্মসূচি তুলে ধরেছেন। এর আগের দিন কর্মসূচিটি অনলাইনে প্রকাশ করা হয়। প্রস্তাবগুলো সাহসী, কারো কারো চোখে দুঃসাহসী। অবসরের বয়স কমিয়ে ৬০ বছর করতে চান তিনি। ন্যূনতম মজুরি মাসে এক হাজার ৭০০ ইউরোতে তুলতে চান। ন্যাটো থেকে ফ্রান্সকে বের করে আনতে চান। অর্থনীতির কিছু খাত আবার রাষ্ট্রের হাতে ফিরিয়ে নিতে চান। সবচেয়ে বিতর্কিত প্রস্তাবটি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফ্রান্সের ঋণ নিয়ে। মেলাঁশোঁ এই ঋণ আর শোধ করতে চান না।
তার ভাবনায় এটি হবে সুদবিহীন এক স্থায়ী ঋণ। এতে সরকারের হাতে খরচের জায়গা বাড়বে বলে তিনি আশা করেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার কথা তিনি বলছেন না। তবে ইইউর যে নিয়ম ফ্রান্সের সামাজিক, পরিবেশ বা অর্থনৈতিক কর্মসূচির পথে বাধা হবে, তা তিনি মানবেন না। ব্রাসেলসের সঙ্গে সংঘাতের বীজ এখানেই লুকিয়ে আছে।
যিনি মিছিলের ভাষা বোঝেন
মেলাঁশোঁর উত্থান বোঝার জন্য রাস্তার দিকে তাকাতে হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি ছাত্রদের মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ দ্রুত ছড়িয়ে পড়ে দেশজুড়ে। ভেঙে পড়া সরকারি সেবা, বাড়তে থাকা জীবনযাত্রার খরচ আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ক্ষুব্ধ নানা গোষ্ঠী তাতে যোগ দেয়। অক্টোবরের শেষে প্যারিসের এক বিক্ষোভে মেলাঁশোঁ নিজেও হেঁটেছেন। সেখানে ছিলেন সাবেক ইয়েলো ভেস্ট আন্দোলনকারী, শ্রমিক সংগঠন আর স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছু মিছিলে ভাঙচুর ও লুটপাটও হয়েছে। তবু মিছিলে তাকে বরণ করা হয়েছে নায়কের মতো।
গ্লোবাল পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক জ্যাক রেলাঁর মতে, মেলাঁশোঁর আসল শক্তি হলো আন্দোলনকারীরা যা চায়, তিনি ঠিক সেই কথাগুলোই বলেন। ভালো মজুরি, শিক্ষায় বিনিয়োগ, কল্যাণমূলক ব্যয়, কৃচ্ছ্রসাধনের বিরোধিতা। রেলাঁর ভাষায়, মেলাঁশোঁ এখন প্রতিবাদকারীদের ভোট।
অর্থ আসবে কোথা থেকে
প্রশ্ন উঠছে টাকার হিসাব নিয়ে। ফ্রান্সের বাজেট ঘাটতি ও ঋণ, দুটিই উঁচু। দেশের আর্থিক অবস্থা এমনিতেই কড়া নজরদারিতে। এমন সময়ে সামাজিক খাত আর সরকারি বিনিয়োগে বিপুল খরচের প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে সন্দেহ আছে। কিছু অর্থনীতিবিদের আশঙ্কা, এমন নীতি নিলে বিনিয়োগকারীরা ফরাসি সরকারি বন্ড বিক্রি করে দিতে পারেন। তাতে রাষ্ট্রের ঋণ নেওয়ার খরচ বাড়বে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু সেপ্টেম্বরে এমন প্রস্তাবকে সরাসরি চুরির সঙ্গে তুলনা করেছিলেন।
তার যুক্তি, ধার নিয়ে ফেরত না দেওয়ার আর কোনো নাম হয় না। এলএফআইয়ের জবাব, অর্থ আসবে ধনীদের পকেট থেকে। বিলিয়নেয়ারদের সম্পদের ওপর অন্তত ২ শতাংশ কর বসানো হবে। সম্পদ কর ফিরিয়ে আনা হবে। বড় অঙ্কের উত্তরাধিকারের ওপর কর বাড়বে।
উগ্রতা, নাকি ভুলে যাওয়া ঐতিহ্য
মেলাঁশোঁর কর্মসূচি নতুন কিছু নয়। এর শিকড় বামপন্থি অর্থনৈতিক হস্তক্ষেপের পুরোনো ধারায়, যার একটা অংশ এসেছে কেইনসীয় চিন্তা থেকে। এই ধারার মূল কথা হলো, বাজার নিজে যে ভারসাম্যহীনতা তৈরি করে, রাষ্ট্রকে সক্রিয় হয়ে তা সারাতে হবে। প্যারিসের ইউপেক বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক বেলিগ নাবলি বিষয়টি দেখেন একটু অন্যভাবে।
তার মতে, অন্য প্রায় সব দল রাষ্ট্রীয় হস্তক্ষেপের এই পথ ছেড়ে দিয়েছে। এলএফআই এখনো সেই পথে আছে বলেই তাকে উগ্র মনে হয়। আজকের দিনে ফ্রান্সের রাজনীতিতে কর্মসূচিটির বক্তব্যকে চরম মনে হতে পারে। কিন্তু সামাজিক গণতন্ত্রের ইতিহাসের দিক থেকে দেখলে এতে উগ্রতার কিছু নেই।
মরক্কো থেকে ফরাসি বামের কেন্দ্রে
মেলাঁশোঁর বয়স এখন ৭৫। জন্ম মরক্কোয়, ফরাসি মা-বাবার ঘরে। শৈশবে ফ্রান্সে চলে আসেন। আশির দশকে যোগ দেন সোশ্যালিস্ট পার্টিতে। দলটি যখন উদার অর্থনীতির দিকে ঝুঁকতে থাকে, তিনি ধীরে ধীরে দূরে সরে আসেন। ২০০৮ সালে দল ছেড়ে গড়ে তোলেন লেফট পার্টি। সেখান থেকেই পরে জন্ম নেয় এলএফআই। শ্রমজীবী মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী আর তরুণদের মধ্যে দলটি দ্রুত জায়গা করে নেয়।
এটি তার চতুর্থ প্রেসিডেন্ট নির্বাচন। ২০২২ সালে প্রায় ২২ শতাংশ ভোট পেয়েও তিনি দ্বিতীয় দফায় উঠতে পারেননি। ব্যবধান ছিল মাত্র চার লাখের মতো ভোট। ৩ নভেম্বর প্রকাশিত ইফপের এক জরিপে প্রথম দফায় তার সমর্থন ১৭.৫ থেকে ১৮ শতাংশ। বাম শিবিরের অন্য প্রার্থীদের চেয়ে তিনি স্পষ্টভাবে এগিয়ে।
ছোট দলগুলোর সামনে এখন কঠিন হিসাব। বামদের একটা জোটকে লড়াইয়ের সুযোগ দিতে মেলাঁশোঁর পেছনে দাঁড়ানো উচিত কি না, তা নিয়ে তারা দ্বিধায়। বাম শিবিরে টানাপোড়েনের আরেকটি কারণ ফিলিস্তিন। মেলাঁশোঁ ফিলিস্তিনের পক্ষে সোচ্চার। হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে তিনি বারবার অস্বীকার করেছেন। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন। গ্লুকসমানসহ অনেক বাম নেতা এই শব্দটি ব্যবহার করতে চাননি। বাম ঘরানার কিছু প্রতিপক্ষ অভিযোগ করেন, তার বক্তব্য ইহুদিবিদ্বেষকে উসকে দেয়। মেলাঁশোঁ এই অভিযোগ মানেন না।
লো পেনের দেওয়াল
তবে লো পেনের ধারেকাছেও নেই মেলাঁশোঁর জনপ্রিয়তা। সাম্প্রতিক জরিপে প্রথম দফায় লো পেনের সমর্থন ৩৫ থেকে ৩৭ শতাংশ। গত দুই নির্বাচনে ম্যাখোঁর বিরুদ্ধে দ্বিতীয় দফায় লড়েছিলেন তিনি। অক্টোবরে তোলুনা হ্যারিস ইন্টারঅ্যাকটিভের জরিপ বলছে, দুজন মুখোমুখি হলে লো পেন জিতবেন ৭০ শতাংশ ভোট পেয়ে, মেলাঁশোঁ পাবেন ৩০ শতাংশ। বিশ্লেষকরা মনে করেন, বাধা শুধু অর্থনৈতিক কর্মসূচি নয়।
মেলাঁশোঁর লড়াকু মেজাজ আর সমঝোতার বদলে সংঘাতে যাওয়ার খ্যাতি তাকে নিজের অনুগত সমর্থকদের বাইরে যেতে দেয় না। ফ্রান্সে প্রচলিত ধারণা হলো, প্রেসিডেন্ট হতে হলে মধ্যপন্থার পথ ধরতে হয়। এলএফআইয়ের কর্মসূচির বৈশিষ্ট্যই হলো এটি মধ্যপন্থি নয়, আর সে কারণেই এটি প্রচলিত রাজনীতিকে নাড়া দেয়। মেলাঁশোঁ জিততে চান, তবে মধ্যপন্থার পথে হেঁটে নয়।
দলের ভেতরের দ্বন্দ্ব
তার নেতৃত্বের ধরন নিয়েও প্রশ্ন আছে। দল ছেড়ে যাওয়া কয়েকজন সাবেক সহযোগী বলেছেন, তাদের সরে যাওয়ার কারণ শুধু রাজনৈতিক মতভেদ নয়, মেলাঁশোঁর দল চালানোর ধরনও। এলএফআইয়ের সাবেক প্রার্থী তোমা গেনোলে দলটিকে একনায়কতন্ত্রের সঙ্গে তুলনা করেছেন, যেখানে সব ক্ষমতা এক ব্যক্তির হাতে।
সাবেক এমপি রাকেল গারিদোর মতে, এলএফআইয়ের কর্মসূচিতে একমত এমন অনেক বামপন্থি আছেন, কিন্তু তারা নেতার কৌশল মেনে নিতে পারেন না। একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ক্লেমেন্তিন ওতাঁও দলটির বিরুদ্ধে কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ তুলেছেন।
তবে ফ্রান্সজুড়ে মিছিলের ক্ষোভ মেলাঁশোঁ নিজের পক্ষে টানতে পেরেছেন। এখন দেখার বিষয়, সেই ক্ষোভ তিনি ব্যালটে সংখ্যাগরিষ্ঠতায় বদলাতে পারেন কি না। আপাতত জরিপের হিসাব তার পক্ষে নয়। তবে তিনি তরুণদের ওপর বাজি ধরতেই পারেন।
