Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ভিসানীতি সহজ করল ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

ভিসানীতি সহজ করল ভারত

বিদেশি নাগরিকদের জন্য ভিসা নীতি সহজ করেছে ভারত সরকার। গত বুধবার ভিসার মূল বিভাগের সংখ্যা ১৩ থেকে কমিয়ে ৯টি এবং উপবিভাগের সংখ্যা ৪৯ থেকে ২৩টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা, বিনিয়োগ ও ব্যবসার উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহী বিদেশি নাগরিকদের সুবিধা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগের ‘ট্যুরিস্ট ভিসা’ নাম পরিবর্তন করে ‘ভিজিটর ভিসা’ করা হয়েছে। পাশাপাশি ভিসার আবেদনপত্রে থাকা তথ্যের ঘরের সংখ্যা ৬৫ থেকে ৭০ শতাংশ কমানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার কিছু পরিবর্তনের পর চলতি বছরের শেষেই সংশোধিত কাঠামোটি কার্যকর করা হতে পারে বলে জানানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসা ব্যবস্থায় এক দফা পরিবর্তন এনেছিল কেন্দ্রীয় সরকার। সে সময় ভিসার মূল বিভাগ ২২টি থেকে কমিয়ে ১৩টি এবং উপবিভাগ ৬৩টি থেকে কমিয়ে ৪৯টি করেছিল। এবার ভিসা পদ্ধতি সহজ করতে বিভাগ ও উপবিভাগের সংখ্যা আরও কমানো হয়েছে। এই সর্বশেষ পরিবর্তন আনার আগে উন্নত দেশগুলোর ভিসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেছে ভারত সরকার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক কর্মসূচি, চিকিৎসা পরামর্শ বা সংক্ষিপ্ত কোর্সের মতো বিষয়গুলোকে একত্র করার কারণেই ‘ট্যুরিস্ট ভিসা’ নাম পরিবর্তন করে ‘ভিজিটর ভিসা’ করা হয়েছে। এ ছাড়া ভিজিটর ভিসাকে দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো ভি ১ এবং ভি ২।

ভি ১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। এর আওতায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা পরামর্শ, ওয়েলনেস রিট্রিট এবং ভারতীয় ভাষা, সংগীত ও যোগব্যায়াম সংক্রান্ত কোর্স করা যাবে। আর ভি ২ ভিসা হবে দীর্ঘমেয়াদি সফরের জন্য। যোগ্যতার ভিত্তিতে এ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। এর মধ্যে রয়েছে বিদেশি পর্বতারোহীদের ছয় মাস মেয়াদি ভারতে থাকার ব্যবস্থা।

চিকিৎসা ভিসার কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত চিকিৎসা এবং আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য ৪টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো এম ১, এম ২, এম ৩ এবং এম ৪। এম ১ ভিসার আওতায় আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসা নেওয়া যাবে। আর আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য প্রযোজ্য হবে এম ৩ ভিসা। ই ভিসাসহ এই দুই ধরনের ভিসার মেয়াদ হবে সাধারণত ১ বছর। দুই ক্ষেত্রেই একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।

এ ছাড়া রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। এম ১ ভিসাধারীদের সঙ্গে থাকা ব্যক্তিরা এম ২ ভিসা পাবেন। আর এম ৩ ভিসাধারীদের সঙ্গীরা এম ৪ ভিসা পাবেন। ‘হিল ইন ইন্ডিয়া’ বা ভারতে চিকিৎসা নেওয়ার উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এ ব্যবস্থা চালু করা হচ্ছে।

শিক্ষার্থী ভিসার ক্যাটাগরি পুনর্বিন্যাস করেছে ভারত সরকার। এটাকে দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো এস ১ এবং এস ২। এস ১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে। আর এস ২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, ভিজিটিং শিক্ষক, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, ইন্টার্নশিপ এবং বিনিময় কর্মসূচিতে যুক্ত ব্যক্তিদের। এ ছাড়া অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমও এর আওতায় থাকবে।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫ বছর মেয়াদি ই এস১ ভিসা পাওয়ার সুযোগও রাখা হয়েছে। তবে তাদের শিক্ষাক্রমের মেয়াদ ৫ বছরের কম হলে ভিসার মেয়াদও সেই সময় পর্যন্ত সীমিত থাকবে। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।

ব্যবসায়ীদের জন্যও ভিসা প্রক্রিয়া সহজ করেছে ভারত সরকার। এটাকে নতুন করে সাজিয়ে বি ১ ও বি ২ উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বি ১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে ভারতে শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরাও থাকবেন।

অন্যদিকে বি ২ ভিসা দেওয়া হবে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কাজের জন্য। এর মধ্যে উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত থাকবে। ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও নির্দিষ্ট ব্যবস্থা চালু করা হয়েছে। এর মধ্যে যন্ত্রপাতি স্থাপন ও চালু করা, গুণগত মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও ইআরপি কার্যক্রম, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত বিশেষজ্ঞরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

এসব পেশাজীবীরা ই ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে বি ২ ক্যাটাগরির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পেতে পারেন। আগে এসব কার্যক্রম ই বি৪ ভিসার আওতায় পরিচালিত হতো। সরকারের ভাষ্য, নতুন পরিবর্তনের ফলে বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে কোম্পানিগুলো আরও স্পষ্ট ধারণা পাবে।

বর্তমানে বিশ্বের ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ই ভিসা পাচ্ছেন। নতুন পরিবর্তন কার্যকর করতে ভিসা ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার হালনাগাদ করছে ভারত সরকার।

বিবিধ ভিসার আওতায় থাকবেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাদের স্বামী বা স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশি নাগরিকদের নির্ভরশীল পরিবারের সদস্য, অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তিরা। এ ছাড়া থাকবেন ভারতে থাকার ভিসা প্রত্যাশী আফগান নাগরিক এবং প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্ধারিত বিশেষ দীর্ঘমেয়াদি ভিসার আওতাভুক্ত ব্যক্তিরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫