Logo
×

Follow Us

আন্তর্জাতিক

বিশ্ববাজারে এক সপ্তাহে সোনার দাম সর্বনিম্ন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

বিশ্ববাজারে এক সপ্তাহে সোনার দাম সর্বনিম্ন

ডলারের দরবৃদ্ধি এবং আগামী মাসে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশার প্রভাবে আন্তর্জাতিক বাজারে এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে গতকাল বৃহস্পতিবার সোনার দামে এই পতন দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ৩ হাজার ৯৮১ ডলার ৪৯ সেন্টে দাঁড়ায়। গত ৪ নভেম্বরের পর সোনার এই দাম সর্বনিম্ন।

অন্যদিকে ফিউচার মার্কেটেও সোনার দর কমেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে আগামী ডিসেম্বর মাসে সরবরাহের জন্য ফিউচার চুক্তিতে সোনার দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮৭ ডলার ৫০ সেন্ট হয়েছে।

বৃহস্পতিবার প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দর বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

টেস্টলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ এবং সুদের হার বাড়ার প্রত্যাশা জোরালো হওয়ার পর গত কয়েক দিনে সোনার বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। তবে এই পতনের ধারা আরও কতটা এগোবে, তা নিয়ে বাজারে স্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই।

তিনি আরও বলেন, প্রতি আউন্স সোনার দর এখন ৪ হাজার ডলারের আশেপাশে। এটি একটি গুরুত্বপূর্ণ মূল্যস্তর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫