Logo
×

Follow Us

আন্তর্জাতিক

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান টানাপোড়েনে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে আরও বেড়েছে তেলের দাম। দুই দেশের উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি বহাল থাকায় গত বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই থাকবে বলে দেশ জানিয়েছে, যদিও যুক্তরাষ্ট্র দাবি করছে ইরান তার ইউরেনিয়াম কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ করবে। দুই দেশের এই ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

বুধবার লেনদেন শেষে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৭ ডলার বা ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৯২ ডলার ৭৬ সেন্টে দাঁড়ায়। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড প্রতি ব্যারেল ৮৬ ডলার ৫৩ সেন্টে বিক্রি হয়, যা আগের চেয়ে ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেশি। অথচ যুদ্ধের অবসানের আশায় চলতি মাসের শুরু থেকে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে প্রায় ২১ ও ১৭ শতাংশ কমেছিল।

আগের দিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানে আরও সামরিক হামলার প্রয়োজনীয়তা নেই বলে ইঙ্গিত দেওয়ার পর প্রথমে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি কমে যায়। পরে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা দুই দেশের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না বলে জানানোর পর দরপতনের মাত্রা কিছুটা কমে আসে।

অক্টোবরে ওপেক প্লাসের (ওপেক+) অপরিশোধিত তেল উৎপাদন বেড়েছে। এ ক্ষেত্রে সৌদি আরবের উৎপাদন বৃদ্ধির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তবে হরমুজ প্রণালিতে সরবরাহ বিঘ্ন কমার তেমন কোনো লক্ষণ নেই।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ৩৭টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর কোনো এক মাসে জাহাজে হামলার এটিই সর্বোচ্চ সংখ্যা।

এক্সএস ডটকমের ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান সাইমন-পিটার মাসাবনি বলেন, কূটনৈতিক তৎপরতায় ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেলেও জাহাজ চলাচলের ক্ষেত্রে ঝুঁকি যে দূর হয়নি, এসব ঘটনা তা-ই প্রমাণ করে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাজনৈতিক সমঝোতা হলেও জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

এলএসইজি অয়েল রিসার্চ ১০ নভেম্বরের এক প্রতিবেদনে বলেছে, কোনো চুক্তি হলেও এই জলপথ দিয়ে তেল পরিবহন বাড়ানো নির্ভর করবে সমুদ্রের মাইন অপসারণ, বিমা ব্যয় এবং জাহাজমালিকেরা ঝুঁকি নিয়ে জাহাজ পাঠাতে রাজি কি না, তার ওপর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫