ইরান সংঘাত অবসানে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির গত বছর দোহায় এক বৈঠকের ছবি। ছবি: রয়টার্স
ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা নানা বাধার মুখে পড়ার প্রেক্ষাপটে কাতার সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সংঘাত অবসানের শর্ত নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য দূর করতে বিভিন্ন প্রস্তাব আদান-প্রদান ও সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।
তবে কূটনৈতিক অগ্রগতির বিষয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার ফ্লোরিডা ছেড়ে জি–৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিসের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে সাংবাদিকদের তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনায় খুব সামান্য অগ্রগতি হয়েছে এবং শিগগিরই কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম।
মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক সমাধান চান। তবে ইরানের দাবিগুলোকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তিনি বলেন, তেহরানের কিছু দাবি ‘আপত্তিকর, হাস্যকর এবং বাস্তবতাবিবর্জিত’।
এদিকে রবিবার ট্রাম্প জানান, আলোচনা এগিয়ে গেলে এবং একটি শক্তিশালী চুক্তিতে পৌঁছানো সম্ভব হলে ইরানে নতুন করে হামলা চালানোর নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সামরিক অভিযান আবার শুরু হলে হামলার জন্য সেতুসহ আরও কিছু অবকাঠামোগত লক্ষ্যবস্তু চিহ্নিত করে রাখা হয়েছে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট।
