Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি হামলায় প্রাণ হারালেন ৩৩ জন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

ইয়েমেনে সৌদি হামলায় প্রাণ হারালেন ৩৩ জন

আহত শিশুকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে নিয়ে ফিরছেন স্বজনেরা। ছবি: এএফপি

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি আরবের বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। হুথিদের পরিচালিত সংবাদ সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু।

শনিবার এ তথ্য জানানো হয়। গত জুলাইয়ে সৌদি আরব ও ইরানসমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ফের লড়াই শুরু হওয়ার পর এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে ধারণা করা হচ্ছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এ ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি। 

সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, তারা হামলার খবরটি তদন্ত করে দেখছে।

সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেছে। ওই যুদ্ধবিরতির ফলে সৌদি নেতৃত্বাধীন জোট ও সানা নিয়ন্ত্রণকারী হুতি গোষ্ঠীর মধ্যে হামলা-পাল্টা হামলা অনেকটাই বন্ধ হয়েছিল। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে হুথিরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইয়েমেনে নিজেদের মিত্রদের সমর্থনে বিমান হামলা চালিয়েছে রিয়াদ।

হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার পূর্বে হুথিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বানি হুশায়েশ শহরের কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়। 

সানার সেহাতুনা হাসপাতালের পরিচালক আবদুল আজিজ আল-দাইলামি জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে রয়েছেন এবং তাদের মধ্যে উদ্ধারকর্মীরাও রয়েছেন। 

তিনি বলেন, “একটির পর একটি হামলা চলছেই। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আবার হামলা হচ্ছে। এমনকি আমাদের নিজেদের কয়েকজন চিকিৎসাকর্মীও প্রাণ হারিয়েছেন। আমরা বেশ কয়েকজন গুরুতর আহত ব্যক্তিকে পেয়েছি, যাদের মাথা, বুক ও পায়ে আঘাত লেগেছে এবং কারও কারও হাড়ও ভেঙে গেছে।”

যুক্তরাষ্ট্র ও ইরানের বৃহত্তর সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ায় ইয়েমেনে লড়াই নতুন করে শুরু হয়েছে। এতে দেশটিতে ১২ বছর ধরে চলা জটিল যুদ্ধ আবারও তীব্র আকার ধারণ করেছে। এ যুদ্ধ বিশ্বে অন্যতম ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে এবং আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটিকে কার্যত খণ্ডবিখণ্ড করে ফেলেছে। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গত অক্টোবরে জানিয়েছে, সর্বশেষ দফার লড়াই শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দুই লাখ ছাড়িয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫