Logo
×

Follow Us

আন্তর্জাতিক

চুক্তির পরও রুশ ডিজেলে আগ্রহ নেই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

চুক্তির পরও রুশ ডিজেলে আগ্রহ নেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্রের বাজারে রুশ ডিজেল সরবরাহের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমঝোতার প্রায় এক মাস পরও দেশটিতে ডিজেলের কোনো চালান পৌঁছেনি। মূলত রুশ জ্বালানি কেনাবেচায় মার্কিন নিষেধাজ্ঞা-সংক্রান্ত আইনি জটিলতা ও শাস্তির আশঙ্কায় দেশটির ব্যবসায়ীরা এসব চালান নিতে অনাগ্রহ দেখাচ্ছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়া অন্তত তিনটি উল্টো জাহাজ তাদের গন্তব্য পরিবর্তন করেছে। বিশ্লেষকদের ধারণা, গন্তব্য পরিবর্তন করা এসব জাহাজের ডিজেল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে না-ও পৌঁছাতে পারে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে রাশিয়ার প্রিমর্স্ক বন্দর থেকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের উদ্দেশে যাত্রা শুরু করে রুশ ট্যাংকার ‘তালিসমান’ ও সিয়েরা লিওন-নিবন্ধিত ‘লেরুও’। তবে জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার ও জাহাজের অবস্থান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবারের মধ্যে একটি ব্রাজিলের দিকে এবং অন্যটি ভূমধ্যসাগরের দিকে যাত্রা করে।

উত্তর আটলান্টিকে থাকা তৃতীয় একটি ট্যাংকারও নিউইয়র্কের পরিবর্তে গন্তব্য হিসেবে ‘ফর অর্ডার্স’ দেখাচ্ছে, যার অর্থ জাহাজটির পণ্য কোথায় খালাস হবে তা এখনো নির্ধারিত নয়।

এদিকে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সেশেলসের মালিকানাধীন এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘বিস্ট’ নামের আরেকটি ট্যাংকার অক্টোবরের শেষ দিকে প্রিমর্স্ক বন্দরে ডিজেল বোঝাই করে যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা শুরু করে। বর্তমানে জাহাজটি গন্তব্য হিসেবে ‘আটলান্টিক’ দেখাচ্ছে।

গত ৯ অক্টোবর পুতিনের সঙ্গে ফোনালাপের পর রুশ ডিজেল সরবরাহের সমঝোতার কথা জানান ট্রাম্প। তাঁর ঘোষণা অনুযায়ী, রাশিয়া তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে তিন লাখ টনের বেশি ডিজেল ছাড়বে। নভেম্বরে আরও পাঁচ লাখ টন এবং এর পরপরই ১০ লাখ টন সরবরাহের কথা ছিল। দীর্ঘপাল্লার একটি পণ্যবাহী ট্যাংকারে সাধারণত সর্বোচ্চ প্রায় এক লাখ টন ডিজেল পরিবহন করা যায়। চুক্তি অনুযায়ী, আগামী ৭ এপ্রিল পর্যন্ত রুশ ডিজেল বিক্রি, সরবরাহ, খালাস ও আমদানির সুযোগ থাকার কথা।

ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে ডিজেল সংকট তৈরি করছে এমন অভিযোগ তুলে ট্রাম্প এ উদ্যোগ নেন। এর মধ্য দিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর রুশ জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে সরে আসার উদ্যোগ নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) এ জন্য সাময়িক নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে। তবে কংগ্রেসে রুশ জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে প্রশাসনের ছাড়ের বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে ইউক্রেনের পক্ষে অবস্থান নেওয়া একদল আইনপ্রণেতাও এ উদ্যোগের বিরোধিতা করে বলছেন, নিষেধাজ্ঞা শিথিলের মাধ্যমে রাশিয়ার জ্বালানি বাণিজ্যের সুযোগ তৈরি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, সাময়িক ছাড়টি প্রযোজ্য সব আইন মেনেই দেওয়া হয়েছে। তবে চুক্তিটি লিখিতভাবে সম্পাদিত হয়েছে কি না, ডিজেলের দাম কত হবে, অর্থ পরিশোধের শর্ত কী কিংবা কোন কোন কোম্পানি এতে যুক্ত—এসব বিষয়ে হোয়াইট হাউস বা ক্রেমলিন বিস্তারিত জানায়নি। চুক্তির আওতায় ঠিক কত পরিমাণ ডিজেল বিক্রির অপেক্ষায় রয়েছে, সেটাও প্রকাশ করা হয়নি।

এ ছাড়া রুশ ডিজেল কেনার ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রধান উদ্বেগ আইনি জটিলতা। মার্কিন অর্থ মন্ত্রণালয় সাময়িক ছাড় দিলেও কংগ্রেসের আরোপ করা নিষেধাজ্ঞা বহাল থাকায় এসব জ্বালানি কেনা, খালাস বা পরিবহনের সঙ্গে যুক্ত হলে আইনি ব্যবস্থা কিংবা ভবিষ্যতে কংগ্রেসের তদন্তের মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

নিউ জার্সির গভর্নর মিকি শেরিল তার অঙ্গরাজ্যের বন্দর ও টার্মিনাল পরিচালনাকারীদের চিঠি দিয়ে রুশ জ্বালানিবাহী জাহাজ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ‘রুশ জ্বালানির অবৈধ বাণিজ্য থেকে মুনাফা করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ শেরিলের যুক্তি, রুশ জ্বালানি আমদানির ওপর কংগ্রেসের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ক্ষমতা ট্রাম্প প্রশাসনের নেই। আইনপ্রণেতারাও ব্যাংক, বন্দর কর্তৃপক্ষ ও জ্বালানি পরিবেশকদের সতর্ক করেছেন যে এ ধরনের আমদানিতে যুক্ত হলে তাদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা হতে পারে।

ট্রাম্প প্রশাসন অবশ্য বলছে, নিষেধাজ্ঞায় দেওয়া সাময়িক ছাড় আইনসম্মত এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আদালত চূড়ান্ত রায় দেননি।

কেপলারের বিশ্লেষক ম্যাট স্মিথ এপিকে বলেন, রুশ ডিজেল যুক্তরাষ্ট্রের বন্দরে খালাস করা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে স্পষ্ট অনীহা রয়েছে। এর পেছনে আইনি ও অন্যান্য পরিণতির আশঙ্কা কাজ করছে।

তবে পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জাহাজের গন্তব্য পরিবর্তনের খবরকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়া ট্যাংকারগুলো নির্ধারিত পথেই চলছে।

সব মিলিয়ে, ট্রাম্প-পুতিনের সমঝোতায় রুশ ডিজেল সরবরাহের ঘোষণা থাকলেও নিষেধাজ্ঞা নিয়ে আইনি অনিশ্চয়তা ও ব্যবসায়ীদের ঝুঁকি এ উদ্যোগ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে এ চালানের প্রভাব কতটা পড়বে, তা এখনো অনিশ্চিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫