ইসরায়েলের ভেতরে আরেক বাস্তবতা আরব নাগরিক ও রাজনীতি
ফারুক নেগারী
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি
জায়নবাদী ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ আরব। তাদের অধিকাংশই মুসলিম। অক্টোবরের নির্বাচনের পর, সরকার গঠনে তাদের প্রভাব ইসরায়েলি রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দেয়।
ভোটের চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর জোট পায় ৫৩টি আসন, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি। আরব-প্রধান দুটি দল জয়েন্ট লিস্ট ও রাম পায় ১৯টি আসন। ফলে সরকার গঠনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে বিরোধী জোটের চারটি দলের তিনটিই আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে।
এ অবস্থায় সরাসরি সরকারে যোগ না দিয়ে বাইরে থেকে সংসদীয় সমর্থন দেওয়ার আগ্রহ জানায় জয়েন্ট লিস্ট। দলটির নেতা ইউসুফ জাবারিন একে ‘সেফটি নেট’ বা সরকারকে টিকিয়ে রাখার সংসদীয় সমর্থন হিসেবে বর্ণনা করেন। তবে এর বিনিময়ে আরব অধ্যুষিত এলাকায় অপরাধ দমনে অর্থায়ন এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক পথ তৈরির মতো বিষয়ে নিশ্চয়তা চান তারা।
ইসরায়েলে সরকার গঠনের রাজনীতিতে আরব দলগুলোর অবস্থান দীর্ঘদিন ধরেই জটিল। ১৯৭৭ সালের পর থেকে ২০২১ সাল পর্যন্ত কোনো স্বতন্ত্র আরব দল সরকার পরিচালনাকারী জোটের সদস্য ছিল না। ফিলিস্তিন প্রশ্নে মতপার্থক্য এবং ইহুদি-প্রধান দলগুলোর বিরোধিতার কারণে তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল।
তবে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা আরব দলগুলোর গুরুত্ব বাড়িয়েছে। ২০২১ সালে মনসুর আব্বাসের দল রাম প্রথমবারের মতো বেনেট-লাপিদের সরকার পরিচালনাকারী জোটে যোগ দেয়। ওই বছরই আরব সমাজের উন্নয়নে পাঁচ বছরে ৩০ বিলিয়ন শেকেলের বিনিয়োগ পরিকল্পনা অনুমোদন করে সরকার।
শত বাধা ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের পরও আরব নাগরিকরা নিয়মিত সংসদ নির্বাচনে অংশ নিয়ে আসছেন। এই ভোটাধিকার প্রয়োগ তাদের জন্য কোনো আনুষ্ঠানিক উৎসব নয়; বরং নেসেটে নিজেদের প্রতিনিধি রেখে ভিটেমাটি উচ্ছেদ ঠেকানো ও নাগরিক অধিকার আদায়ের একটি কৌশলগত হাতিয়ার। হাদাশ-তয়াল, রাম কিংবা বালাদের মতো প্রধান আরব দলগুলো সংসদে অংশ নিয়ে স্থানীয় উন্নয়ন বাজেট অর্জন, আবাসন সংকট মোকাবেলা ও প্রশাসনিক নিপীড়ন ঠেকানোর চেষ্টা করে। এ ছাড়া তারা রাষ্ট্রযন্ত্রকে মনে করিয়ে দেয়, এই ভূখণ্ডে তারা উড়ে এসে জুড়ে বসা কোনো বহিরাগত নন, বরং এই মাটির আদিবাসী নাগরিক।
কিন্তু আরবরা কীভাবে ইসরায়েলের নাগরিক হয়ে উঠলেন? সেই বাস্তবতার পেছনে রয়েছে মূলত তাদের টিকে থাকার দীর্ঘ ইতিহাস। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সাত লাখ ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। যুদ্ধ শেষে ইসরায়েলের সীমানার মধ্যে থেকে যান প্রায় দেড় লাখ ফিলিস্তিনি। তাদের মধ্যে হাজার হাজার মানুষ নিজ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। অনেকেই আর নিজেদের বাড়িঘরে ফিরতে পারেনি। তারা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনি হিসেবে পরিচিতি পান।
১৯৪৮ সালের স্বাধীনতার ঘোষণায় আরব বাসিন্দাদের সমান অধিকারের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে ১৯৫২ সালের আগে তাদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেওয়া হয়নি। সে সময় নাগরিকত্ব পাওয়ার জন্য জুড়ে দেওয়া হয় শর্ত। শর্তগুলোর মধ্যে ছিল ১৯৪৮ সালের আগে ফিলিস্তিনের নাগরিক হওয়া, নির্দিষ্ট সময় ইসরায়েলে বসবাস এবং সরকারি নিবন্ধনে নাম থাকা। ফলে যুদ্ধের সময় ইসরায়েলের বাইরে চলে যাওয়া অনেক ফিলিস্তিনি নাগরিকত্ব পায়নি।
১৯৮০ সালে আইন সংশোধন করে নির্দিষ্ট কিছু ফিলিস্তিনি ও তাদের বংশধরদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেওয়া হয়। তবে তাদেরও ইসরায়েলে বসবাস ও সরকারি নিবন্ধনে নাম থাকার শর্ত পূরণ করতে হতো। এভাবেই ১৯৪৮ সালে থেকে যাওয়া ফিলিস্তিনি এবং তাদের পরবর্তী প্রজন্মের একটি বড় অংশ ইসরায়েলি নাগরিকত্ব পায়।
তারা ও তাদের বংশধরেরা ইসরায়েলের আরব জনগোষ্ঠী হিসেবে পরিচিত। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ২১.১ শতাংশ আরব। এদের মধ্যে প্রায় ৮০ শতাংশ সুন্নি মুসলিম, ৯ থেকে ১০ শতাংশ খ্রিষ্টান এবং একটি ক্ষুদ্র অংশ দ্রুজ সম্প্রদায়ভুক্ত। দ্রুজ পুরুষদের জন্য ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগ দেওয়ার বিধান রয়েছে। তবে সাধারণ মুসলিম ও খ্রিষ্টানদের সেনাবাহিনীতে নেওয়া হয় না।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের (ইউএনএসডব্লিউ) গ্লোবাল ডেভেলপমেন্ট বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও ফিলিস্তিন বিষয়ক গবেষক লানা তাতুর ২০২৩ সালের ১৫ মে আল-জাজিরায় প্রকাশিত ‘দ্য নাইটমেয়ার্স অব আ ’৪৮ প্যালেস্টিনিয়ান’ শীর্ষক নিবন্ধে লিখেছেন, ফিলিস্তিনিদের কাছে ইসরায়েলি নাগরিকত্ব রাষ্ট্রের প্রতি আনুগত্যের বিষয় নয়। বরং নিজেদের জন্মভূমিতে বসবাসের অধিকার ধরে রাখার উপায়। নিজের পরিবারের অভিজ্ঞতা তুলে ধরে তিনি এই সংগ্রামকে ‘সুমুদ’ বা প্রতিকূলতার মধ্যেও নিজের মাটিতে টিকে থাকার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। কারণ আইনি
স্বীকৃতি না থাকলে তাদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে বিবেচনা করে বের করে দেওয়ার ঝুঁকি ছিল।
ফিলিস্তিনি পরিচয় ও ইসরায়েলি নাগরিকত্বের মধ্যে এক ধরনের টানাপোড়েন রয়েছে। কনরাড আডেনাউয়ার ফাউন্ডেশনের ২০২৫ সালের নভেম্বরের এক জরিপে দেখা গেছে, ইসরায়েলের আরব নাগরিকদের ৩৫.৯ শতাংশের কাছে আরব পরিচয় প্রধান। ৩১.৭ শতাংশের কাছে ইসরায়েলি নাগরিকত্ব, ১৭.৩ শতাংশের কাছে ধর্মীয় পরিচয় এবং ১৪.৭ শতাংশের কাছে ফিলিস্তিনি পরিচয় প্রধান। গবেষণায় দেখা যায়, পরিস্থিতি অনুযায়ী ফিলিস্তিনি আরবরা কখনো কখনো নিজেদের ইসরায়েলি নাগরিক পরিচয় সামনে আনেন। এতে বৈষম্য ও নেতিবাচক প্রতিক্রিয়া এড়ানো সহজ হয়।
কাগজে-কলমে নাগরিকত্ব থাকলেও বাস্তবে ফিলিস্তিনি আরবদের জীবনে নানা ধরনের বৈষম্য রয়েছে। ১৯৫০ সালের ‘অনংবহঃববং চৎড়ঢ়বৎঃু খধ’ি ব্যবহার করে রাষ্ট্র বিপুল পরিমাণ ফিলিস্তিনি জমি ও বাড়িঘর নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
অর্থনীতিতেও রয়েছে বৈষম্য। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ২০২৩ সালের সমীক্ষায় ইসরায়েলের অর্থনীতির দুটি ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। একদিকে উচ্চপ্রযুক্তি খাত দ্রুত এগিয়েছে। অন্যদিকে আরব নাগরিকদের বড় অংশ কম মজুরির কাজে নিয়োজিত। ইসরায়েল ইনোভেশন অথরিটির হিসাবে, ২০২২ সালে উচ্চপ্রযুক্তি খাতের কর্মীদের মধ্যে মাত্র ২.৪ শতাংশ ছিল আরব।
ওইসিডির হিসাবে, আরব পুরুষেরা ইহুদি পুরুষদের তুলনায় ঘণ্টাপ্রতি গড়ে প্রায় অর্ধেক আয় করেন। তবে এই তুলনায় ধর্মীয় রীতিনীতি কঠোরভাবে মেনে চলা ইহুদি পুরুষদের অন্তর্ভুক্ত করা হয়নি।
একই সঙ্গে আরব স্কুলগুলোতে সরকারি অর্থ বরাদ্দ কম। আরব অধ্যুষিত পৌরসভাগুলোর আয়ও তুলনামূলক কম। এসব এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান কম থাকায় কর আদায় কম হয়। ফলে স্কুল, রাস্তাঘাট, পানি ও অন্যান্য নাগরিক সেবা উন্নয়নে পর্যাপ্ত অর্থ পায় না এসব পৌরসভা। এর বাইরে ২০১৮ সালের ‘জাতীয়-রাষ্ট্র আইন’ হিব্রুকে রাষ্ট্রের ভাষা ঘোষণা করে। আর আরবি ভাষার আগের সরকারি মর্যাদা সংকুচিত করা হয়।
এমন বাস্তবতার মধ্যে গাজা যুদ্ধ ইসরায়েলের আরব নাগরিকদের সামাজিক ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থি মিত্রদের পুনরায় ক্ষমতায় আসা ঠেকাতে ভোট দেওয়ার আহ্বান জানান আরব দলগুলোর নেতারা। যুদ্ধ, নেতানিয়াহু সরকারের নীতি ও আরববিরোধী বক্তব্যে ক্ষোভ আরব নাগরিকদের ভোটদানে উৎসাহিত করে। যার মাধ্যমে বদলে যায় সরকার গঠনের সমীকরণ।
