কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে ফ্রান্স মানেই পোড়া ভবন, ভাঙা দোকানের কাচ আর ধোঁয়ায় ঢাকা রাস্তা। শিরোনামগুলোও একই সুরে বাঁধা—ফ্রান্স জ্বলছে, ফ্রান্সে বিশৃঙ্খলা। অথচ এই ছবির পেছনে আছে শিক্ষার্থীদের একটি আন্দোলন। আন্দোলনের বড় অংশটাই শান্তিপূর্ণ। দাবিও সাদামাটা—পড়াশোনার একটা যথাযথ পরিবেশ। আন্দোলন কোথা থেকে শুরু হলো দেখে নেওয়া দরকার। প্যারিসের সুবিধাবঞ্চিত শহরতলিতে এর শুরু, তারপর তা সারা দেশে ছড়িয়েছে।
ফ্রান্সের সরকার একে নগর সহিংসতা আখ্যা দিয়ে কিছু সমাবেশে দাঙ্গা পুলিশ নামিয়েছে। ২০২৭ সালের খসড়া বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে মাত্র ১.৭ শতাংশ, যা মূল্যস্ফীতির চেয়ে অনেক কম। প্যারিস পুলিশের হিসাবে শুধু প্যারিস অঞ্চলেই গ্রেপ্তার হয়েছে এক হাজার ২৬০ জন। তাদের ৮৬ শতাংশই অপ্রাপ্তবয়স্ক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফরাসি কর্তৃপক্ষকে মাত্রাছাড়া পুলিশি দমন বন্ধ করতে বলেছে। এই সংখ্যাগুলো পোড়া গাড়ির ছবিতে ধরা পড়ে না।
এখানে আসল গোলমাল ‘সহিংসতা’ শব্দে। এই এক শব্দে দোকানের ভাঙা কাচ, পুলিশের হাতে আহত বিক্ষোভকারী, পোড়ানো গাড়ি আর নিরস্ত্র জনতার দিকে ছোড়া গুলি, সব এক কাতারে চলে আসে। সম্পদের ক্ষতি আর মানুষের ওপর আঘাত এক জিনিস নয়। বিদ্রোহ আর তার দমনও এক জিনিস নয়। অথচ শব্দটা দুটোকে এক পাল্লায় মাপে।
ব্রাজিলের আর্চবিশপ দম হেল্দার কামারা ছিলেন মুক্তির ধর্মতত্ত্বের মানুষ। তিনি সহিংসতাকে তিন ভাগে দেখেছিলেন। প্রথমটা অন্যায়ের সহিংসতা, যা মানুষকে নিষ্পেষিত করে। দ্বিতীয়টা বিদ্রোহের সহিংসতা, যা সেই অন্যায় থেকে জন্মায়। তৃতীয়টা দমনের সহিংসতা, যা বিদ্রোহের জবাবের নামে। এর সঙ্গে আরেকটা যোগ করা যেতে পারে— বৈষম্য, বঞ্চনা, সামাজিক অপমান আর অনিশ্চিত জীবনের সহিংসতা। এই সহিংসতায় শব্দ হয় না। রাস্তায় আগুন জ্বলে না। তবু শান্ত দেখানো একটি সমাজও ভেতরে ভেতরে নিষ্ঠুর হতে পারে।
ফ্রান্সের ইতিহাস এই তিন-চার রকম সহিংসতার জট বারবার দেখিয়েছে। ১৭৮৯ সালের ১৪ জুলাই বিপ্লবীরা বাস্তিল দুর্গে হামলা চালায়। কারাগার তাদের চোখে ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক। দুর্গের রক্ষীদের গুলিতে প্রায় একশ হামলাকারী মারা যায়। আত্মসমর্পণের পর দুর্গপ্রধান দ্য লোনেকে হত্যা করা হয়। তার কাটা মাথা বর্শায় গেঁথে রাস্তায় ঘোরানো হয়।
পরের কয়েক সপ্তাহে কৃষকরা অভিজাতদের জমিদারিতে ঢুকে সামন্ত অধিকারের দলিল পুড়িয়ে দেয়। ওই কাগজেই লেখা ছিল তাদের শত বছরের দাসত্ব। ১৭৯২ সালের আগস্টে তুইলারি প্রাসাদে হামলায় নিহত হন কয়েকশ সুইস রক্ষ্মী। সেপ্টেম্বরে বিদেশি আক্রমণের আতঙ্কে সশস্ত্র দল হাজারের বেশি বন্দিকে মেরে ফেলে। এই রক্তপাতের শিকড় ছিল পুরোনো শাসনব্যবস্থার ভেতরে।
জন্মসূত্রে বিশেষ সুবিধা, সামন্ত শোষণ, করের বৈষম্য, বলপ্রয়োগে খেয়ালখুশি—সবই তার অংশ। আধিপত্যের ওপর দাঁড়ানো সমাজব্যবস্থা থেকে জনতার সহিংসতাকে আলাদা করে দেখার উপায় নেই।
উনিশ শতকেও একই আগুন জ্বলেছে। ১৮৩১ সালে প্যারিসের জনতা আর্চবিশপের প্রাসাদ তছনছ করে। গির্জাকে তারা দেখত সদ্যঃপতিত রাজার দোসর হিসেবে। ১৮৭১ সালে প্রুশিয়ার কাছে হারের পর প্যারিসবাসী গড়ে তোলে প্যারিস কমিউন। ভার্সাইয়ের সরকারকে গোলাবর্ষণ থামাতে বাধ্য করতে তারা জিম্মি নেয়। শেষে ‘রক্তাক্ত সপ্তাহে’ জিম্মিদের হত্যা করা হয়।
একই সময়ে ভার্সাইয়ের সেনারা হাজার হাজার প্যারিসবাসীকে মেরে ফেলে। কার সহিংসতা বড় ছিল, সে প্রশ্নের উত্তর এই সংখ্যাতেই আছে।
সব সহিংসতা অবশ্য অভ্যুত্থানের মতো নাটকীয় নয়। কারখানা আর খনির শ্রমিকের ক্ষোভও বারবার ফেটে পড়েছে। ১৮৮৬ সালে দকাজভিলে খনির উপপরিচালক জুল ওয়াত্রাঁকে খারাপ কাজের পরিবেশে ক্ষুব্ধ শ্রমিকেরা পিটিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। তার নাম থেকেই ফরাসি ভাষায় নতুন শব্দ আসে, ‘ওয়াত্রিনাদ’, মানে মালিক বা ম্যানেজারকে হত্যা। বিশ শতকের গোড়ায় আরমঁতিয়েরে বস্ত্র শ্রমিকের ধর্মঘট দোকান লুটে গড়ায়। লিমোজে শ্রমিকরা কারখানার ফটক ভেঙে চীনামাটির পণ্য চুরমার করে।
১৯৬৮ সালের গল্পটা আজকের সঙ্গে সবচেয়ে বেশি মেলে। তখন আন্দোলন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে ছাত্রদের প্রতিবাদ থেকে শুরু হয়ে লাখো শ্রমিকের ধর্মঘটে গড়ায়। লাতিন কোয়ার্টারে ব্যারিকেড ওঠে, গাড়ি পোড়ে, পাথর ছোড়া হয়। এরপর শিল্প গুটিয়ে আসার যুগ শ্রমিককে আবার অনিশ্চয়তায় ঠেলে দেয়। ১৯৭৯ সালে লঙউই আর দনাঁর ইস্পাত শ্রমিকরা গণছাঁটাইয়ের মুখে রাস্তায় নামেন। ২০০৯ সালে কন্টিনেন্টাল কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকরা প্রশাসনিক দপ্তর তছনছ করেন।
২০১৮ সালে ‘হলুদ জ্যাকেট’ আন্দোলনে আর্ক দ্য ত্রিয়োমফ বিকৃত হয়, দোকান লুট হয়। কিন্তু সেই আন্দোলনেই পুলিশের হাতে বহু বিক্ষোভকারী গুরুতর জখম হয়। জেলে আর কৃষকও বাদ যাননি। ১৯৯৪ সালে জেলেদের বিক্ষোভের সংঘর্ষে আগুন লেগে পুড়ে যায় ব্রিটানির ঐতিহাসিক পার্লামেন্ট ভবন।
কিছু বিস্ফোরণ আবার কোনো সংগঠিত আন্দোলন থেকে আসেনি। এসেছে একটা মৃত্যু থেকে। ২০০৫ সালে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে দুই কিশোর জিয়েদ বেন্না আর বুনা ত্রাওরে মারা যায়। এরপর শ্রমজীবী পাড়াগুলোতে হাজার হাজার গাড়ি পোড়ে। ১৮ বছর পর, ২০২৩ সালে, নঁতেরে পুলিশের গুলিতে মারা যায় কিশোর নাহেল মেরজুক। ক্ষোভ আবার রাস্তায় নামে।
এই দীর্ঘ ইতিহাস একটা কথাই বলে। জনতার সহিংসতা নতুন নয়, এক রকমও নয়। সামন্ত দলিল পোড়ানো, কারখানার যন্ত্র ভাঙা, থানা তছনছ করা, প্রতিটির লক্ষ্য আলাদা। তবে প্রায়ই এই ভাঙচুর একটা রাজনৈতিক ভাষা। যে ক্ষমতা কানে শোনে না, তার প্রতীকের দিকে ছুড়ে দেওয়া কথা। সবচেয়ে চোখ ধাঁধানো কাজগুলো সাধারণত করে মুষ্টিমেয় কিছু মানুষ। তাদের দিয়ে লাখো শান্তিপূর্ণ মানুষের আন্দোলনকে চেনানো অন্যায়। বিক্ষোভকারীর ঢিল যেন সমাজের ভেতরের নীরব সহিংসতাকে আড়াল না করে।
তাই যারা বলছেন, শান্ত ফ্রান্সে হঠাৎ আগুন লেগেছে, তারা দেশটার ইতিহাসের একটা জরুরি অধ্যায় পড়তে ভুলে গেছেন। ফ্রান্স শান্ত ছিল না কখনো। ফ্রান্স শুধু মাঝে মাঝে জোরে কথা বলে।
