Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইবোলার নতুন টিকা পরীক্ষার অনুমোদন ডব্লিউএইচওর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

ইবোলার নতুন টিকা পরীক্ষার অনুমোদন ডব্লিউএইচওর

ভাইরাসটিতে আক্রান্তদের মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ। ছবি: আল-জাজিরা

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলার ইতিহাসের সবচেয়ে বড় প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নতুন দুটি টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইতিমধ্যে কেনিয়া ও নাইজেরিয়াতেও এই ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

সোমবার ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল বান্দিবুগিও ধরনের ইবোলা ভাইরাস মোকাবিলায় তৈরি দুটি টিকার পরীক্ষামূলক প্রয়োগের সুপারিশ করে। গত মে মাস থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই ডিআর কঙ্গোর বাসিন্দা।

টিকা বা নির্দিষ্ট চিকিৎসা না থাকায় বান্দিবুগিও ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে জনস্বাস্থ্য সংস্থাগুলো। এ ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ।

ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানান, গত মাসে শুরু হওয়া একটি টিকার পরীক্ষায় এরভেবো নামের টিকা ব্যবহার করা হয়েছে। এই টিকা ইবোলার জায়ার ধরনের ভাইরাসের বিরুদ্ধে ব্যবহারের অনুমোদন থাকলেও বান্দিবুগিও ধরনের ভাইরাস মোকাবিলার জন্য এই টিকা তৈরি করা হয়নি।

তেদরোস বলেন, “নতুন যে টিকাগুলোর পরীক্ষা চলছে, সেগুলো বিশেষভাবে বান্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, ২০২৭ সালের শুরুর দিকে এসব টিকার পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।”

ডিআর কঙ্গোর ন্যাশনাল ইনস্টিটিউট ফর বায়োমেডিক্যাল রিসার্চ এই পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে। এতে সহায়তা করছে ডব্লিউএইচও ও অন্যান্য সহযোগী সংস্থা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ভারতের সিরাম ইনস্টিটিউট এবং মডার্না যৌথভাবে টিকাটি তৈরি করেছে।

ডব্লিউএইচও প্রধান তেদরোস আরও বলেন, “টিকা অত্যন্ত কার্যকর একটি হাতিয়ার। তবে এখনই জীবন বাঁচাতে পারে এমন পরীক্ষিত পদক্ষেপগুলোর বিকল্প এটি নয়। এসব পরীক্ষিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে দ্রুত চিকিৎসা দেওয়া, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা, রোগীদের আলাদা রাখা, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মৃতদেহের সৎকার এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে আস্থার সম্পর্ক বজায় রাখা।”

আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, বান্দিবুগিও ভাইরাসে আক্রান্ত ১০ হাজার ৪৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। সংস্থার মতে, ডিআর কঙ্গোর ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫